শুরু থেকেই বন্ধ অন্তর্বিভাগ সেবাবঞ্চিত ছিটমহলবাসী
আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসক-সংকটের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ১০ শয্যার হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কাগজে-কলমে ১০ শয্যার হাসপাতাল বলা হলেও বাস্তবে এর অন্তর্বিভাগ বন্ধ রয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকেই।দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, হাসপাতালের শুধু ভবন আর যন্ত্রপাতি আছে। ইউনিয়নের প্রায় ১৫ হাজার অধিবাসীর চিকিৎসার জন্য চারজন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে যে একজন চিকিৎসক এখানে আসেন তিনি পাটগ্রামে থাকেন। এ ছাড়া একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বহির্বিভাগে চিকিৎসা দিয়ে কোনো মতে সেবা কার্যক্রম চালু রেখেছেন।২০ জুন সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে রোগীর লম্বা সারি। কিন্তু একজন লোক রোগী দেখছেন। জানা গেল তিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জিল্লুর রহমান। জিল্লুর রহমান জানান, অন্তর্বিভাগ বন্ধ রয়েছে। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ রোগী চিকিৎসা নিতে আসে। তাঁর একার পক্ষে এত রোগী একসঙ্গে দেখা কঠিন।কাশি ও জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা হাঁড়িপাড়া গ্রামের আছিয়া বলেন, ‘দেড় ঘণ্টা থেকে লাইনোত দাড়েয়া আছোন, এলাও ডাক্তার দেখেবার পারোং নাই।’ একই ধরনের কথা জানান আঙ্গরপোতা গ্রামের দিনমজুর মজিদসহ (৫৫) কয়েকজন রোগী।হাসপাতাল সূত্র জানায়, ১৯৯২ সালে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের নাগরিকেরা তিনবিঘা করিডর দিয়ে মূল ভূখণ্ডে যাতায়াতের সুবিধা লাভের পর দহগ্রামের বঙ্গেরবাড়ি উচ্চবিদ্যালয়ের পাশে ১০ শয্যার এ হাসপাতাল নির্মাণ করা হয়। এ সময় চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মচারীসহ মোট ২৫ জন লোকবল নিয়োগ করা হয়। বর্তমানে এখানে একজন করে চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, সেবিকা, গাড়িচালকসহ মোট ১২ জন কর্মী রয়েছেন। অন্য ১৩টি পদ শূন্য।শুরুতে অন্তর্বিভাগ চালু হয়নি। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রাম সফরের সময় হাস-পাতালের অন্তর্বিভাগ উদ্বোধন করেন। কিন্তু তিন মাস চলার পর আবার অন্তর্বিভাগ বন্ধ হয়ে যায়। অথচ এ হাসপাতালে অপারেশন থিয়েটার, আধুনিক এক্স-রে মেশিন, উন্নত যন্ত্রপাতি, নারী-পুরুষ ওয়ার্ডের পাশাপাশি অস্ত্রোপচার করা রোগীদের রাখার বিশেষ ব্যবস্থা, উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, অ্যাম্বুলেন্সসহ নানা সুবিধা রয়েছে। ব্যবহার না করায় হাসপাতালের কোটি টাকা মূল্যের এক্স-রে মেশিন, জেনারেটর, অপারেশন থিয়েটারের সরঞ্জাম ও আসবাব নষ্ট হয়ে যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখানে চারজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তিনজন চিকিৎসক বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’লালমনিরহাটের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, তিন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।