শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

আগামী ৬ মার্চ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬।
এবারের আয়োজনে ৫০০ উপজেলা ও থানার ১০০০ স্কুলে প্রচারণামূলক অ্যাকটিভেশন, মেন্টরস ট্রেনিং, ফেসিলেটর কর্মশালা, ৬৪টি জেলায় কর্মশালা, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম, ১৬ টি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আজ রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ আয়োজনের নানা দিক তুলে ধরেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশে বিশ্বমানের মেধাবীরা আছে, তাদের শুধু ভালোভাবে দিকনির্দেশনা দেওয়া দরকার। জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা সে রকম একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে পরবর্তী তথ্যপ্রযুক্তি খাতের যোগ্য নেতৃত্ব তৈরি হবে।’
সংবাদ সম্মেলনে আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে রবি সব সময় দেশের তরুণদের অদম্য স্পৃহাকে গুরুত্ব দিয়ে থাকে। রবি ইতিমধ্যে বিডি অ্যাপস নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যেখানে তরুণেরা তাদের মেধাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারবেন।’ গত বছরের মতো এবারও জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় রবির অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ আয়োজনের সঙ্গে নিয়মিত কাজ করতে চাই।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সহযোগী অধ্যাপক ও বিডিওএসএনের সহসভাপতি লাফিফা জামাল, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক ও কোড মার্শালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান ও সিএসই বিভাগের শিক্ষক হাসনাইন হেইকেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর সারা দেশকে মোট ১৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
অঞ্চলগুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ। আঞ্চলিক প্রতিযোগিতা আগামী ৬ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ৯ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হবে।
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার এবারের আয়োজনে রয়েছে আইসিটি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় রয়েছে কোড মার্শাল, পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে (www.ictd.gov.bd) অথবা (www.nhspc.org) ঠিকানায়। এ ছাড়া ফেসবুক পেজেও (www.facebook.com/nhspcbd) বিস্তারিত জানা যাবে।