শুরু হচ্ছে না সোনাদিঘির সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার না হওয়ায় রাজশাহী নগরের সোনাদিঘি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। গত শনিবার এ দৃশ্য ধারণ করা l প্রথম আলো
সংস্কার না হওয়ায় রাজশাহী নগরের সোনাদিঘি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। গত শনিবার এ দৃশ্য ধারণ করা l প্রথম আলো

রাজশাহী নগরের তিন দিক থেকে মার্কেট আর স্থাপনায় ঢাকা পড়েছে সোনাদিঘি। উত্তর দিকের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রাচীর গলিয়ে চোখে পড়বে ময়লা-আবর্জনায় রং বদলে যাওয়া দূষিত পানি। দেখে কারও মনে হবে না যে এটা সেই সোনাদিঘি, যা একদিন ছিল নগরের অন্যতম বিনোদনকেন্দ্র; যার পানি দিয়ে একসময় নগরবাসীর রান্না-খাওয়ার কাজ চলত।
পাঁচ বছর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরোনো সিটি ভবনের পাশে নতুন সিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সোনাদিঘি সংস্কারেরও চুক্তি হয়। নির্ধারিত সময় পার হলেও সেই কাজ আর এগোয়নি।
নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাহেব বাজার এলাকায় এক একর ৪৫ শতাংশ আয়তনের জলাশয়টি স্থানীয়ভাবে সোনাদিঘি নামে পরিচিত। স্থানীয় লোকজন জানান, একসময় এই সোনাদিঘি ছিল নগরের অন্যতম বিনোদনকেন্দ্র। সকালে-বিকেলে নগরের মানুষ অবসর সময় কাটাতেন এই সোনাদিঘির পাড়ে। দিঘির পাড়ে লোহার ফ্রেমে কাঠের চেয়ার পাতা থাকত। এর চারধার দিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো ছিল পামগাছ। পাড় ঘেঁষেই ছিল ফুলের বাগান। এই দিঘির পানি খুবই স্বচ্ছ ছিল। এই পানি দিয়েই এলাকাবাসী রান্নার কাজ করতেন। এ জন্য তখন পৌরসভার পক্ষ থেকে সার্বক্ষণিক পাহারাদার নিযুক্ত ছিল। এর পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে সিটি করপোরেশন মার্কেট রয়েছে। পশ্চিম পাশে পুরোনো সিটি ভবনস্থলে নির্মিত হচ্ছে নতুন সিটি সেন্টার। উত্তর-পশ্চিমাংশে রয়েছে সার্ভে ইনস্টিটিউট। এসব স্থাপনার কারণে তিন দিক (পূর্ব, দক্ষিণ ও পশ্চিম) থেকে আর সোনাদিঘিকে দেখা যায় না। উত্তর দিকে ফাঁকা রয়েছে।
সিটি করপোরেশন থেকে জানা গেছে, ২০০৯ সালে সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হলে রাজশাহীর বাগমারার সাংসদের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ ১৬ তলাবিশিষ্ট ওই ভবনের কাজ পায়। চুক্তি অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সিটি সেন্টারসংলগ্ন সোনাদিঘির সংস্কার করে দেবে, এর পাড়ে একটি মসজিদ, হাঁটার পথ, এমপি থিয়েটার, তথ্যপ্রযুক্তি পাঠাগারও নির্মাণ করে দেবে। এ জন্য সোনাদিঘির পাড়ে দোকানঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কাজই হয়নি। ২০০৯ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিটি সেন্টার নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন মেয়র এইচ এম খায়রুজ্জামান। এর পরবর্তী তিন বছরের মধ্যে এই নির্মাণকাজ শেষ করার কথা ছিল। তিনি বছর পার হয়ে গেলেও এখনো মূল সিটি সেন্টার নির্মাণের অর্ধেক কাজই শেষ হয়নি।
কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এনা প্রপার্টিজের নির্বাহী পরিচালক গত শনিবার প্রথম আলোকে বলেন, সিটি সেন্টারের সাততলার কাজ শেষ হয়েছে। তারা সিটি সেন্টারের জন্য চলন্ত সিঁড়ি ও লিফট আনার জন্য এলসি করেছেন। সিটি সেন্টারের বাকি কাজ শেষ করে সোনাদিঘির পাশের দোকানিদের সেখানে পুনর্বাসন করে দিঘি সংস্কারের কাজে হাত দেবেন।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, সিটি সেন্টার নির্মাণের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। কাজের ধীরগতি দেখে দ্রুত করার জন্য তাদের অনেকবার চিঠিও দেওয়া হয়েছে। সিটি সেন্টারের প্রকল্পের সঙ্গেই দিঘির সংস্কার ও উন্নয়নকাজ ছিল। চারপাশের দোকানগুলো ভেঙে তাঁদের অন্যত্র পুনর্বাসন করার কথা।