শুরু হচ্ছে পারফরম্যান্স আর্ট ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মাসব্যাপী পথনাটক উৎ​সবে​ গতকাল বৃহস্পতিবার পরিবেশিত একটি নাটকের দৃশ্য l ছবি: প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মাসব্যাপী পথনাটক উৎ​সবে​ গতকাল বৃহস্পতিবার পরিবেশিত একটি নাটকের দৃশ্য l ছবি: প্রথম আলো

দর্শকের সঙ্গে শিল্পীর সরাসরি সংযোগের এক মাধ্যম পারফরম্যান্স আর্ট। রাজধানীর শিল্পরসিকদের জন্য সৃষ্টি হয়েছে বৃহৎ পরিসরে এ শিল্পমাধ্যম অবলোকনের সুযোগ। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ন্যাশনাল পারফরম্যান্স আর্ট ফেস্টিভ্যাল।
শিল্পকলা একাডেমির আটটি জায়গায় অনুষ্ঠিত হবে এই উৎসব। আজ বেলা তিনটায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র চত্বরে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী কালিদাস কর্মকারকে আজীবন সম্মাননা এবং শিল্পী মাহবুবুর রহমানকে পারফরম্যান্স আর্ট সম্মাননা দেওয়া হবে। উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন পিটিএর প্রতিষ্ঠাতা লিয়াকত আলী। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ) আয়োজিত উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে পারফরম্যান্স আর্ট ফেস্টিভ্যালে থাকবে ১৪টি পরিবেশনা।

একুশে নাট্যোৎসব চলছে
ভাষার মাসে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে চলছে মাসব্যাপী ‘একুশে নাট্যোৎসব’। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উৎসবে গতকালও ছিল মঞ্চনাটক ও পথনাটকের প্রদর্শনী। গতকাল বিকেলে প্রদর্শনী হয় প্রাঙ্গণেমোর-এর নাটক বিবাদী সারগাম। খেয়ালি নাট্যগোষ্ঠী পরিবেশন করে পথনাটক রক্তাক্ত ফাল্গুন। আজ মঞ্চায়িত হবে নাট্য প্রয়াসের নাটক সুবচন নির্বাসনে এবং নাট্যভূমির পথনাটক মহাবিপদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে উৎসবটি হচ্ছে।

আজ শুরু তির্যকের নাট্যোৎসব
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) আজ শুরু হচ্ছে তির্যক নাট্যদলের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। নাটক প্রদর্শনীর পাশাপাশি থাকবে কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, প্রীতি বিতর্ক, আবৃত্তিসহ নানা আয়োজন। ।