
প্রথম আলোর পাঠকদের বড় অংশ দেশের তরুণেরা। আর তাঁদের সংগঠন প্রথম আলো বন্ধুসভা। সারা দেশে প্রথম আলো বন্ধুসভা নানা ধরনের ইতিবাচক কাজ করে আসছে ১৯ বছর ধরে। বন্যা, সিডর-আইলার মতো প্রাকৃতিক দুর্যোগে কিংবা রোহিঙ্গা শিবিরে ত্রাণ নিয়ে ছুটে যান বন্ধুসভার বন্ধুরা। তেমনি মাদক কিংবা অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে তাঁরা রাখেন অগ্রণী ভূমিকা। ভাষা প্রতিযোগ বা গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানের সাফল্যের পেছনে থাকেন বন্ধুসভার নেপথ্যচারী কর্মীরা। আবার সংস্কৃতি সাহিত্যের চর্চার মধ্য দিয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়তেও তাঁদের চেষ্টার কমতি নেই।
আজ ৫ জানুয়ারি শুরু হচ্ছে জাতীয় বন্ধু সমাবেশ ২০১৮। প্রথম আলো বন্ধুসভা দুই বছর পরপর আয়োজন করে জাতীয় বন্ধুসমাবেশের। এবার চতুর্থবারের মতো হচ্ছে সমাবেশ, গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে। সমাবেশের উদ্বোধন করবেন চিত্রনায়ক ফেরদৌস। ২০১০ সালে শুরু হয় বন্ধুসমাবেশের।
সারা দেশের ১৬০০ বন্ধু এই সমাবেশে অংশ নিচ্ছেন। এবার ৬৪ জেলাসহ মোট ১৩১টি বন্ধুসভা অংশ নিচ্ছে সমাবেশে। এক মাস ধরে চলে এই সমাবেশের প্রস্তুতি। সারা দেশের সবগুলো বন্ধুসভাও নানাভাবে প্রস্তুতি নিতে থাকে। সমাবেশে প্রায় সব বন্ধুসভার থাকে সাংস্কৃতিক পরিবেশনা। সেই পরিবেশনার জন্য চলে নিয়মিত মহড়া।
সমাবেশে এসে বন্ধুরা পরবর্তী দুই বছরের কাজের দিকনির্দেশনা গ্রহণ করেন। নিজেদের গড়ে তোলার এবং সর্বোপরি দেশকে সুন্দর করে গড়ার শপথে অংশ নেন। বন্ধুসভার সদস্যরা তাঁদের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন। সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে দুই বছরের কর্মপরিকল্পনা গৃহীত হয়।
প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৯৮ সালের ১১ নভেম্বর। সারা দেশে বন্ধুসভার ১৫০টি শাখা রয়েছে। শাখা আছে দেশের বাইরেও। সারা বছর নানা রকম সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন বন্ধুরা। প্রথম আলোর প্রায় সব সামাজিক কর্মসূচি বন্ধুসভার সদস্যরা সম্পন্ন করেন। দেশে কোনো দুর্যোগ দেখা দিলে বন্ধুরা দ্রুত দুর্গতদের পাশে দাঁড়ান। এ পর্যন্ত মঙ্গা, বন্যা, সিডর, আইলা, পাহাড় ধসসহ বিভিন্ন দুর্যোগের সময় বন্ধুরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
সমাবেশে এবার বেশ কয়েকটি ক্ষেত্রে পুরস্কার তুলে দেওয়া হবে বন্ধুদের হাতে। যেমন সেরা পাঠক, সেরা পাঠচক্র, সেরা রক্তদাতা বন্ধু, সেরা সংগঠক, শ্রেষ্ঠ বন্ধুসভা ইত্যাদি বিষয়ে। পুরস্কার দেওয়া হবে মোট ১০০টি। ২০১৭ সালের সেরা বন্ধুসভার পুরস্কার পাচ্ছে রাঙামাটি ও চট্টগ্রাম বন্ধুসভা। তাঁরা রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছেন। বন্ধুরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ-সহায়তা দিয়েছেন।
বন্ধুসভার সমাবেশের স্লোগান, ‘মাথা তোলবার সাহস’। আমরা যেন সারা জীবন মাথা তুলে দাঁড়ানোর সাহস সঞ্চয় করি। এই সাহস প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। অন্ধকার-কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানোর। আমরা যেন প্রতিটি অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।
সমাবেশে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নতুন কমিটির নাম ঘোষণা করা হবে। এই পর্ষদ দুই বছর সারা দেশের বন্ধুসভা পরিচালনার কাজ করবে। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছে একঝাঁক তরুণ মুখ। তাঁদের কাঁধে পড়েছে বন্ধুসভা পরিচালনার দায়িত্ব।
গতকাল ৪ জানুয়ারি, বন্ধুরা স্কাউট মাঠে পৌঁছেছেন। বন্ধুরা থাকছেন তাঁবুতে। কষ্টসহিষ্ণু হয়ে ওঠার পথ দেখাবে এই তাঁবুবাস। চতুর্থবারের মতো প্রথম আলো বন্ধুসভার সমাবেশে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ স্কাউট।