
শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার চর্চা জনপ্রিয় করে তোলার উদ্যোগ হিসেবে শুরু হচ্ছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫। এ আয়োজনে সহযোগিতা করছে গণসাক্ষরতা অভিযান। গত রোববার ঢাকায় এইচএসবিসি বাংলাদেশের ম্যানেজমেন্ট অফিসে এইচএসবিসি বাংলাদেশ, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযানের মধ্যে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সওঁয়া দ্য ম্যারিকো, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। সারা দেশে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন দশ পেরিয়ে এবার এগারো বছরে পা রাখল। এ বছর সারা দেশে মোট নয়টি অঞ্চলে আঞ্চলিক প্রতিযোগ অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার, করপোরেট সাসটেইনেবিলিটি ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের, গণসাক্ষরতা অভিযানের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) প্রদীপ কুমার সেন, উপপরিচালক কে এম এনামুল হক এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ।