শুরু হচ্ছে সম্প্রচার সাংবাদিকতার ওপর নতুন কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচার সাংবাদিকতার ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে।
এ লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ক্যাম্পাসে এরই মধ্যে স্থাপন করা হয়েছে ‘ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম’। সম্প্রতি সিন্ডিকেটের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য স্কুলটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
নবগঠিত এ স্কুলের একাডেমিক ক্যালেন্ডার, ছাত্রছাত্রী ভর্তি, পরীক্ষার তারিখ নির্ধারণসহ সার্বিক বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মাধ্যমে পরিচালিত হবে।
বিকাশমান সরকারি-বেসরকারি বেতার ও টেলিভিশন চ্যানেলে দক্ষ, মানসম্পন্ন ও সৃজনশীল জনবলের চাহিদা মেটাতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। নতুন এ কোর্সের মেয়াদ হবে এক বছর। পরীক্ষার মাধ্যমে স্নাতক ডিগ্রিধারী ২০ জন শিক্ষার্থীকে এ কোর্সের জন্য বাছাই করা হবে। সরকারিভাবে দেশে এটাই এ ধরনের প্রথম স্কুল ও কোর্স। আগামী জুলাই থেকে প্রথম কোর্সের কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।