শুরু হচ্ছে সুপার শেফ ২০১৭ প্রতিযোগিতা

আবারও শুরু হচ্ছে ‘রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭’ প্রতিযোগিতা। রান্নাবান্নার এই প্রতিযোগিতার এটি চতুর্থ আসর। গতকাল মঙ্গলবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, ‘বিশ্ব সভ্যতায় খাবার বিষয়টা কিন্তু সব সময়ই ছিল। নানা ধরনের খাদ্য যখন থেকে উৎপাদন হতে শুরু করল, তখন থেকেই মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে। থাই, চায়নিজের মতো বিশ্বের বিভিন্ন দেশের খাবারের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে। তাই এ দেশের খাবারও বিশ্বে ব্র্যান্ড হিসেবে তুলে ধরা যায়।’ এ ছাড়া সম্মেলনে বক্তৃতা করেন রূপচাঁদা ব্র্যান্ডের তেল প্রস্তুতকারক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান।
এবারের প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকছেন অভিনেতা তারিক আনাম খান, টিভি উপস্থাপক শারমীন লাকি ও শেফ ড্যানিয়েল গোমেজ। এ ছাড়া অতিথি বিচারক থাকবেন কয়েকজন। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন শারমীন লাকি ও এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ।
সুপার শেফ ২০১৭ চ্যাম্পিয়ন পাবেন ১০ লাখ টাকা ও সোনার ট্রফি, প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকা। প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। আজ ১৯ অক্টোবর থেকে নিবন্ধন করা যাবে ০৬৯১২৭৭৭৮৮৮ নম্বরে ফোন করে।