শুরু হচ্ছে সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ
‘আমরা দর্শকদের বিনোদন দিতে চাই। নতুন সংগীতশিল্পী উপহার দিতে চাই। ক্রিকেট প্রিমিয়ার লিগের ব্যাপক জনপ্রিয়তার কারণে এর মতো করেই মিউজিক্যাল প্রিমিয়ার লিগের ফরম্যাট সাজানো হয়েছে।’
গতকাল ঢাকায় চ্যানেল আই ভবনে টিভি মিউজিক্যাল রিয়েলিটি শো ‘সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়াম লিগ’ নিয়ে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন অভিনেতা ও এশিয়াটিক থ্রিসিক্সটির নির্বাহী পরিচালক ইরেশ যাকের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশ থেকে প্রতিযোগীদের আটটি বিভাগীয় দলে ভাগ করা হবে। প্রতিটি বিভাগে তিনজন প্রতিযোগীর সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন একজন নামী সংগীতশিল্পী। তাঁরা নিজেদের দলকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি নেতৃত্ব দেবেন বিভাগীয় দলের। সেখান থেকে বিভিন্ন রাউন্ড পার হয়ে ফাইনালে লড়বে দুটি দল। প্রতিযোগিতায় বিচারক থাকবেন সংগীতশিল্পী শাকিলা জাফর, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। উপস্থাপনা করবেন নাবিলা।
অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম কুদ্দুস চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, বিপণন ব্যবস্থাপক আরিফ হোসেন, মাইন্ড শেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক মোরশেদ আলম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
৯ থেকে ২০ মের মধ্যে লিগে অংশগ্রহণের জন্য মুঠোফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতাটি চ্যানেল আইতে প্রচার হবে ১৪ জুলাই থেকে।