শুরু হচ্ছে সেলিম আল দীন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সেলিম আল দীন উৎসব। উৎসবের স্লোগান: ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’। নাটক ছাড়াও সেমিনার, আবৃত্তি আর উয়ারী-বটেশ্বরের নিদর্শনের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানে সাজানো হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত এ উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করা হয়। সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।সংবাদ সম্মেলনে উৎসব উদ্যাপন পর্যদের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বলেন, শনিবার সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে উৎসবের উদ্বোধন করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, সেলিম আল দীনের শিকড়ের সন্ধানের ধারণা থেকে এবার গুরুত্ব দেওয়া হয়েছে উয়ারী-বটেশ্বরের ঐতিহ্যকে।সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের উৎসবে উয়ারী-বটেশ্বরে অনুসন্ধানে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী ও সেমিনার ভিন্ন মাত্রা যোগ করবে। উৎসবের নাটক-কাব্যের সঙ্গে এই সংযুক্তি বাংলার হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি ও ইতিহাস তুলে ধরবে। উৎসবের চতুর্থ দিনে অনুষ্ঠিত হবে ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে’ শীর্ষক সেমিনার। ৩১ আগস্ট শেষ দিনে দুই কৃতী জ্যেষ্ঠ নাট্যব্যক্তিত্বকে ‘মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম সম্মাননা’ এবং দুই তরুণ নাট্যকর্মীকে ‘ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক’ দেওয়া হবে। উৎসবের অংশ হিসেবে একই দিনে গ্রাম থিয়েটার আয়োজন করবে দিনব্যাপী তৃতীয় নারী নাট্যকর্মী সম্মেলন। উৎসবের চতুর্থ দিন বাদে প্রতিদিন সন্ধ্যা সাতটায় দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শিত হবে একাডেমীর বিভিন্ন হলে। নাটকগুলো হলো: দ্য টেম্পেস্ট, রাজা হিমাদ্রি, জ্যোতিসংহিতা, রাজা...এবং অন্যান্য, ধাবমান, নিশিমন বিসর্জন, বড়দা বড়দা, কাব্যে গানে, মহাত্মা, রক্তকরবী, মহাজনের নাও, কঙ্কাল ও সাড়ে তিন হাত, বিসর্জন, শেষ সংলাপ এবং আমার রবীন্দ্রনাথ। দেশের নানা নাট্যদল এবং ভারতের একাধিক নাট্যদল উৎসবে নাটক পরিবেশন করবে। প্রতিদিন বিকেল চারটা থেকে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনের লবিতে উয়ারী-বটেশ্বরের নিদর্শন প্রদর্শিত হবে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব বাবুল বিশ্বাস, সদস্য শিমূল ইউসুফ, হাসান আরিফ প্রমুখ।