শুরু হচ্ছে স্কুল বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বিতর্ক উৎসব উপলক্ষে গতকাল প্রথম আলো কার্যালয়ে ঢাকা মহানগরের বিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো বিতর্ক উৎসব উপলক্ষে গতকাল প্রথম আলো কার্যালয়ে ঢাকা মহানগরের বিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

‘যুক্তিতেই মুক্তি’—এই স্লোগান নিয়ে ১১ ফেব্রুয়ারি লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম আলো আয়োজিত স্কুল বিতর্ক উৎসব ২০১৭ অনুষ্ঠিত হবে। এর আগে ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় একই বিদ্যালয়ে বিতার্কিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রথম আলো বিতর্ক উৎসব উপলক্ষে গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে ঢাকা মহানগরের বিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্রথম আলো বিতর্ক উৎসবে ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ৪০টি বিদ্যালয় অংশ নেবে।
বিতর্ক প্রতিযোগিতায় সনাতন পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা ১১ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে চূড়ান্ত পর্বে অংশ নেবে। প্রতিটিই নকআউট পর্ব। বিতর্ক উৎসব আয়োজনে রয়েছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় কমিটি।
মতবিনিময় সভায় লালমাটিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা বলেন, ‘আমরা তর্ক করি, বিতর্ক করতে পারি না। পরিবার থেকেই বিতর্ক করা শুরু করতে হবে। মনকে যুক্তি দিয়ে মত দেওয়া ও মত গ্রহণ করার জন্য তৈরি করতে বিতর্কের কোনো বিকল্প নেই।’
মতবিনিময় সভায় বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, যুক্তি দিয়ে বক্তব্য উপস্থাপন, ধৈর্য-সহিষ্ণুতা শেখার মধ্য দিয়ে কিশোরদের ‘গ্যাং কালচার’ বন্ধ হবে। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘বিতর্ক করলেই বিতার্কিক হতে হবে তা নয়। বিতর্কচর্চা জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। এমনকি ক্রিকেটার হতে গেলেও বিতর্কচর্চা কাজে লাগে।’
মতবিনিময় সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিদ্যালয়ের শিক্ষক নকুল চন্দ্র দাস, রায়েরবাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নিসা, কিশলয় বালিকা বিদ্যালয়ের শিক্ষক খন্দকার শারমিন, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের শিক্ষক জিয়া হাসান প্রমুখ বক্তব্য দেন।