শুরু হতে যাচ্ছে কুইজ রিয়েলিটি শো 'বাংলাদেশ ফার্স্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে শুরু হতে যাচ্ছে কুইজের আসর ‘বাংলাদেশ ফার্স্ট’। গতকাল সোমবার বিকেলে ডেইলি স্টার ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশন রিয়েলিটি শো ‘বাংলাদেশ ফার্স্ট’ শিশু-কিশোর-তরুণদের জ্ঞানচর্চা, ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি ও মেধাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করছে চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কম।
চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ ‘বাংলাদেশ ফার্স্ট’-এর প্রথম আসরটি শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম ও দেশ নিয়ে জানার আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যার্ন্ডাড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরবার এ আনোয়ার, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মাছরাঙার ব্যবস্থাপনা পরিচালক অজয় কুন্ডু ও ইউনিলিভারের মিডিয়া ম্যানেজার তানভীর সোহেল।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী শুক্রবার ৬ সেপ্টেম্বর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সিলেট ও রংপুরে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি স্কুল থেকে ১০০ জন করে প্রায় আট হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, প্রাকৃতিক সম্পদ, ক্রীড়া, প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক অর্জন, আইনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে এতে প্রশ্ন সাজানো হয়েছে। আলাদাভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার পর ১২৮ জন টেলিভিশন রাউন্ডে অংশ নিতে পারবে। দুজন করে প্রতিযোগী ৬৪ দলে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। মোট ৩২ পর্বের এই অনুষ্ঠান সরাসরি মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে রিন পাওয়ার হোয়াইট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।