শুরু হতে যাচ্ছে ডিএনডি প্রকল্পের কাজ

প্রায় ৫৬০ কোটি টাকা ব্যয়ে ঢাকা–নারায়ণগঞ্জ ডেমরা (ডিএনডি) প্রকল্পের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
আনিসুল ইসলাম জানান, ডিএনডি প্রকল্পের পুরো কাজ করবে সেনাবাহিনী। ২০২০ সালের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। ডিএনডি এলাকাটি মূলত করা হয়েছিল সেচ প্রকল্পের জন্য। পরবর্তী সময়ে ঢাকার কাছে হওয়ায় এখানে আবাসন ও শিল্প–কলকারখানা গড়ে ওঠে। এগুলো দখলমুক্ত করে এবং কিছু জমি অধিগ্রহণ করে এ প্রকল্পের কাজ করা হবে।
অপরিকল্পিতভাবে আবাসনের ফলে ডিএনডি এলাকার পানিনিষ্কাশন–ব্যবস্থা নষ্ট হয়ে গেছে উল্লেখ করেন মন্ত্রী বলেন, খালগুলোতে পানি যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। তিনটি পাম্প বসানো হয়েছিল। এর মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। তাই এসব কারণে এখন জলাবদ্ধতা হচ্ছে। ড্রেন সিস্টেম উন্নত করা না হলে ডিএনডি প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এলজিআরডি ও সিটি করপোরেশনগুলোকে ড্রেনেজ সিস্টেম স্থায়ীভাবে নির্মাণ করতে হবে। ডিএনডি প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এতে অনেকে বাধা দিতে পারে। বাধা দিলে প্রকল্প বাস্তবায়নে দেরি হবে। এক–দুই হাজার লোক বাধা দিলে ২০ লাখ মানুষের কষ্ট হবে।
আনিসুল ইসলাম আরও বলেন, ডিএনডির সুফল পেতে হলে সময় লাগবে। আপাতত অলটারনেটিভ পাম্প বসানোর পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত ও মানসম্পন্নভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে কাজ দেওয়া হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪–এর সাংসদ শামীম ওসমান। তিনি বলেন, ‘ডিএনডি এলাকার ৭৫ ভাগ আমার নির্বাচনী এলাকা। প্রায় ২০ লাখ লোকের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। গত বছর ৮ আগস্ট একনেকে ডিএনডি প্রকল্পের ৫৬০ কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পানিনিষ্কাশনের দিক দিয়ে ডিএনডি এলাকাটি গুলশান-বনানীর চেয়েও ভালো জায়গা হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, নারায়ণগঞ্জ–৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মইনুল হক প্রমুখ।