শুরু হয়েছে জি-৭ শীর্ষ সম্মেলন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানি জাতীয়তাবাদের যে চেতনার অনুসারী, তার গভীরে আছে দেশের প্রাচীন ধর্ম শিন্তো। চীন থেকে জাপানে আসা বৌদ্ধধর্মের বিপরীতে শিন্তো হচ্ছে সার্বিক অর্থেই জাপানি ধর্মাচার; মাটি, পানি ও প্রকৃতির সঙ্গে যে ধর্মের রয়েছে গভীর যোগাযোগ।
জাপানি জাতীয়তাবাদীদের মধ্যে কট্টর ধারার অনুসারীরা অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁদের এই নিজস্ব ধর্মকে দেখে থাকেন, যেটাকে তাঁরা একই সঙ্গে রাষ্ট্রের ঐক্যের গুরুত্বপূর্ণ এক প্রতীক হিসেবে গণ্য করেন। সে রকম অবস্থান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যুদ্ধের আগে শিন্তো ধর্ম ও ধর্মমন্দির জাপানের সেই সময়ের শাসকদের আগ্রাসী অবস্থান তুলে ধরায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আর সে কারণেই যুদ্ধোত্তর সময়ে জাপানের নতুন সংবিধানের আওতায় ধর্মকে রাষ্ট্র ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা হলে শিন্তো ধর্মকেও রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়; পরবর্তী সময়ে যদিও ইয়াসুকুনি মন্দিরকে ঘিরে দেখা দেওয়া বিতর্কে রাজনৈতিক শিন্তো ধর্মের পুনরাবির্ভাব নতুন করে লক্ষ করা গেছে।
জাপানে রাষ্ট্র আর ধর্মের এ রকম ধরি মাছ না ছুঁই পানি সংযোগকে পশ্চিমের জাপান বিশেষজ্ঞরা একধরনের অস্বস্তি নিয়ে লক্ষ করে গেছেন এবং এ জন্যই এবারের জি-৭ শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত হয়ে যাওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে শিন্তো ধর্ম মন্দিরকে জড়িত রাখায় তাঁদের সেই অস্বস্তি আরও বৃদ্ধি পায়। পশ্চিমের সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক বেশ কিছু প্রতিবেদন ও বিশ্লেষণমূলক রচনায় এই উদ্বেগ লক্ষ করা যায়। তবে কোনো দেশের সরকারের পক্ষ থেকেই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ কিংবা বিরোধিতা কখনো করা হয়নি। ফলে জাপানের প্রধানমন্ত্রীর পক্ষে শিন্তো ধর্মমন্দিরে অগ্রসর রাষ্ট্রসমূহের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে পারা তেমন কঠিন হয়ে ওঠেনি এবং বিরোধীদের মৃদু সমালোচনায় কর্ণপাত না করে ইসে মন্দিরে জি-৭ শীর্ষ সম্মেলনের উদ্বোধন পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক সেই উদ্বোধন শেষ হওয়ার পর সম্মেলনের নির্ধারিত স্থান কাশিকোজিমা কানকো হোটেলে সম্মেলনের প্রথম অধিবেশনে নেতারা মিলিত হন।

ইসে মন্দিরের অনুষ্ঠানে মন্দির চত্বরে প্রবেশপথের উজি-বাশি সেতুর মুখে দাঁড়িয়ে জাপানের প্রধানমন্ত্রী এক এক করে সেখানে আসা অতিথিদের স্বাগত জানিয়েছেন। এরপর মন্দির চত্বরে আনুষ্ঠানিক বৃক্ষ রোপণ অনুষ্ঠানে মিয়ে জেলার গভর্নর এইকেই সুজুকি এবং ইসে মন্দিরের সঙ্গে সম্পর্কিত প্রাথমিক বিদ্যালয়ের ২০টি শিশু নেতাদের সঙ্গে যোগ দেয়। সব শেষে মন্দিরের সংরক্ষিত প্রার্থনাকক্ষের ফটকের সামনে দাঁড়িয়ে নেতাদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় জি-৭ শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মের সম্পর্ক এভাবে পরোক্ষে থেকে গেলেও এক দিন আগে জাপানের প্রধানমন্ত্রী অবশ্য মন্দিরে গিয়ে সম্মেলনের সাফল্য কামনা করে প্রার্থনা করে এসেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। পূর্বনির্ধারিত সেই বৈঠকে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সামাল দেওয়ায় জি-৭ রাষ্ট্রসমূহের ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর আলোচনা কেন্দ্রীভূত থাকার কথা থাকলেও আলোচনার বড় এক অংশজুড়ে ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটির এক কর্মীর জাপানি তরুণীকে ধর্ষণ ও হত্যার দুঃখজনক ঘটনা নিয়ে দুই নেতা কথা বলেছেন। প্রেসিডেন্ট ওবামা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এ-জাতীয় ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে নিহত তরুণীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে তিনি বলেন যে ঘটনার তদন্তে সব রকম সহযোগিতা তাঁর সরকার করবে।
জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় জাপানে পৌঁছান। তিনি শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-৭-এর আউটরিচ বৈঠকে অংশ নেবেন। আজ থেকে মধ্য জাপানের ইশেশিমায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী জাপানের নাগোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।