শুরু হলো আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা
দেশের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে গতকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে কৃষিপ্রযুক্তি মেলা-২০১৬। দেশে ষষ্ঠবারের মতো শুরু হওয়া এই মেলায় এবার দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ১৯টি দেশের কৃষিপ্রযুক্তি-বিষয়ক ১৯৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বারিধারায় বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি এই মেলার আয়োজন করেছে। গতকাল থেকে শুরু হওয়া মেলা শনিবার পর্যন্ত চলবে। গতকাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য কৃষিতে সনাতনী ধারার যন্ত্রের ব্যবহার কমিয়ে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষিপ্রযুক্তি খাতের বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম এস সিদ্দিকী বক্তব্য দেন। তাঁরা কৃষিপ্রযুক্তি খাতে এগিয়ে আসা বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মেলায় আধুনিক সেচযন্ত্র, ফসল কাটা, মাড়াই, প্রক্রিয়াজাতকরণ, চালকলের যন্ত্রসহ বিভিন্ন কৃষিপ্রযুক্তির প্রদর্শনী সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা।