
রাজা এসে হাতটি ধরলে মানুষ যতটা রোমাঞ্চিত হবে, মৃত্যুও তেমন। হাসতে হাসতে, গাইতে গাইতে মৃত্যুর দিকে হাত বাড়িয়ে দিতে হবে আনন্দচিত্তে। এই ছিল রবীন্দ্রনাথের শিক্ষা। একটা বিশাল পরিবারের অনেক মানুষের মৃত্যু দেখে তিনি এই উপলব্ধি করেছেন তা নয়। মৃত্যু নিয়ে অনেক ভেবেই এ সিদ্ধান্ত দিয়েছেন তিনি। মাত্র তিন দিন পরেই তাঁর ১৫৫তম জন্মবার্ষিকী। কত না আনন্দ নিয়ে একটি জাতি পালন করছে তাঁর জন্মবার্ষিকী।
ইতিমধ্যে শুরু হয়ে গেছে কবির জন্মবার্ষিকীর আনন্দযজ্ঞ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গসহ সারা পৃথিবীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে কবির জন্মজয়ন্তী। পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা শ্বাস নেন, সেখানেই রবীন্দ্রনাথ বিরাজমান। গতকাল বুধবার সন্ধ্যায় কবিগুরুর জন্মবার্ষিকীতে পাঁচ দিনের অনুষ্ঠান শুরু করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এটি তাদের সপ্তবিংশ আয়োজন। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই আয়োজন শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে। বাদ্যযন্ত্রহীন মিলনায়তনে ধারণকৃত যন্ত্রসংগীতের সুরে গান করেন শিল্পীরা। শোনান ‘আলোকের এই ঝর্নাধারায়’ ও ‘চলো যাই চলো যাই’ গান দুটি।
বাংলাদেশে রবীন্দ্রসংগীত ততটা গাওয়া হতো না তখন। সে সময় রবীন্দ্রসংগীত গেয়ে, শিখিয়ে একে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বেশ কজন গুণী শিল্পী। তাঁদেরই একজন হামিদা হক। কবিগুরুর এই জন্মদিনে সংগঠনটি সম্মাননা জানায় এই শিল্পীকে। উৎসবের উদ্বোধনের পরই তাঁকে একের পর এক ফুলের মালা দিয়ে ঢেকে দেন দেশের রবীন্দ্রসংগীত সংগঠনের শিল্পীরা।
উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আমিনা আহমেদ, সভাপতি শিল্পী তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজেদ আকবর। আবেগ ধরে রাখতে না পেরে শিল্পী হামিদা হক বলেন, ‘গানটা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গান আমাকে ছাড়েনি। কারণ খ্যাতির জন্য নয়, রবীন্দ্রনাথ ও তাঁর গানকে ভালোবেসেছিলাম আমি।’ উৎসবের শেষ দিন রোববার সম্মাননা জানানো হবে আরেক শিল্পী পাপিয়া সারোয়ারকে।
এ আয়োজনে একক কণ্ঠে ‘ওহে সুন্দর, মম’, ‘তোমায় গান শোনাব’, ‘কে গো অন্তরতর সে’, ‘ও যে মানে না মানা’সহ আরও বেশ কিছু গান গেয়ে শোনান সংস্থার শিল্পীরা। সমবেত কণ্ঠে গান শুনিয়েছে উত্তরায়ণ, সুরের ধারা ও বিশ্ববীণা সংগঠনগুলো। আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবে নৃত্যনন্দনের পরিবেশনায় থাকছে নৃত্যনাট্য চণ্ডালিকা। এ ছাড়া থাকবে গান।