শুরু হলো দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ঢাকায় শুরু হয়েছে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’। শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার তিন দিনব্যাপী ওই কনভেনশন শুরু হয়। 

কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কনভেনশেনর উদ্বোধন করেন কামাক্ষ্যা রায় চৌধুরী, জসিম উদ্দীন মণ্ডল ও যতীন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণহীন সমাজের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো সব প্রত্যাশা পূরণ হয়নি। অসাম্প্রদায়িক, মানবিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে প্রতি পদে বাধার মুখে পড়তে হচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি নানাভাবে অস্থিরতা তৈরি করছে, ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অন্ধকারের শক্তিকে পরাভূত করতে তিনি গ্রামে গঞ্জে বাংলার চিরায়ত সংস্কৃতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
যতীন সরকার বলেন, মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এটি ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও। এখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে না পারলে কপটতা হবে।
জসীম উদ্দিন মণ্ডল বলেন, সারা বিশ্বে সাম্রাজ্যবাদ ধর্মের উসকানি দিচ্ছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, সাম্রাজ্যবাদই এখন আসল শত্রু। তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তিনি জানান, তিন দিনব্যাপী এই কনভেনশন শেষে ২১ ফেব্রুয়ারি ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদারসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও জাপানের প্রতিনিধি বক্তব্য দেন।
কনভেনশনের দ্বিতীয় দিন কাল শনিবার কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিদিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পী ও সংগঠনের পরিবেশনা থাকবে।