শুরু হলো প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির দ্রোহে লুপ্ত হোক জঙ্গিবাদের গ্লানি, ধ্বনিত হোক প্রগতির বাণী’ স্লোগান নিয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো-জেডিসি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৬’। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।
প্রথম আলোর সহযোগিতায় এই বিতর্ক উৎসবের আয়োজন করেছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি)। উৎসবে আন্তস্কুল, আন্তকলেজ ও শিশু বিতর্ক প্রতিযোগিতায় ৬৪টি দল অংশ নিচ্ছে। ২৩ অক্টোবর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
গতকাল দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ যেখানে থাকে, সেখানে প্রগতি বাধাগ্রস্ত হয়। প্রগতির ধারা যুক্তির পথ ধরে এগিয়ে চলে। প্রগতির জন্য জঙ্গিবাদকে দূর করতে হবে। তিনি আরও বলেন, জঙ্গিরা ভীরু। নিজেদের সবার সামনে মেলে ধরার সাহস তারা রাখে না। এ জন্য তারা পেছন থেকে ভয় দেখায়। নানাভাবে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
শিক্ষার্থীদের উদ্দেশে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, সবার মধ্যেই প্রতিভা আছে। সেটি বিকশিত করতে হবে। শুধু মেধার বিকাশ নয়, এর পাশাপাশি অন্যান্য মানবিক গুণ প্রস্ফুটিত করার চেষ্টা করতে হবে।