শুরু হলো প্রথমার শাহবাগ বইমেলা

গ্রন্থানুরাগীরা এসেছিলেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগেই। শাহবাগের সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে কংক্রিটের ছাউনি দেওয়া জায়গাটিতে টেবিল পেতে বইগুলো সাজিয়ে রাখা, সামনে লেখক-পাঠকের সমাবেশ। বিকেল পাঁচটায় উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হলো প্রথমা প্রকাশন আয়োজিত একক বইমেলার। মেলার নাম শাহবাগ বইমেলা।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান মেলার উদ্বোধন ঘোষণা করে বলেন, বই মানুষকে ভিন্নতর উচ্চতায় নিয়ে যেতে পারে। আশার কথা, বইয়ের প্রতি দেশের মানুষের আগ্রহ বাড়ছে৷ তিনি বলেন, ‘প্রথমা প্রকাশন যত্ন, নিষ্ঠা, রুচির সমন্বয়ে অতি অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা হয়ে উঠেছে। দেশ-বিদেশে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে প্রথমার প্রকাশনা আমাদের বুদ্ধিবৃত্তিক জগৎকেও সমৃদ্ধ করেছে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ৷
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রন্থাগারের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এই মেলায় গ্রন্থানুরাগীরা তাঁদের পছন্দের লেখকদের বইগুলো পাবেন বলে জানান। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, প্রথমা ভালো বই ছাপে। বইগুলো সুসম্পাদিত, সুনির্বাচিত এবং ছাপার মানও সুন্দর। মেলায় বিশেষ ছাড়ে বই বিক্রি হচ্ছে। দািম বই সাশ্রয়ী দামে গাঁট্টি বেঁধে কেনার এটা একটা সুযোগ।
মেলার উদ্বোধন করার পাশাপাশি প্রথম বই কিনে বেচাকেনারও সূচনা করেন শামসুজ্জামান খান। তিনি কিনেছেন এ টি এম শামসুল হুদার ফিরে দেখা জীবন এবং মিজানুর রহমান খানের মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বই দুটি।
উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল মকসুদ, মোরশেদ শফিউল হাসান, মাহবুব আলম, এ কে এম শাহনাওয়াজ, ফারুক মঈনউদ্দীন, আখতার হুসেন, সুফি মোস্তাফিজুর রহমান, মালেকা বেগম, আব্দুল কাইয়ুম, খায়রুল আনোয়ার, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
মেলায় প্রথমার বই ৩০ থেকে ৬০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্য প্রকাশনীর কিছু কিছু বই পাওয়া যাবে ৭০ শতাংশ ছাড়ে। রয়েছে সাহিত্যের ছোট কাগজ ও সাময়িকী এবং ভারতের বেশ কিছু নতুন-পুরোনো বইয়ের সম্ভার। একাত্তরের চিঠি বইটি দিয়ে প্রথমা প্রকাশনের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। এই বইটির এখন ১৭তম মুদ্রণ চলছে। বিক্রি হয়েছে এক লাখের বেশি কপি। গত পাঁচ বছরে প্রথমা থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা ২০৮টি। সৃজনশীল সাহিত্য থেকে মননশীল প্রবন্ধ, গবেষণা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, ভ্রমণ, অনুবাদ, স্মৃতিকথা, রান্না, শিশুতোষ মিলিয়ে বিচিত্র বিষয়ের গ্রন্থ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মেলা চলবে ২৬ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।