শুরু হলো মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর

মুক্ত আসরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক একটি অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর ধানমন্ডিতে কচিকণ্ঠ হাইস্কুলে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের গল্প শুনির প্রথম অনুষ্ঠান। শিশু-কিশোরদের জন্য এই আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর প্রতীক মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান ও বীর প্রতীক মো. আজাদ আলী।

জাতীয় সংগীত গেয়ে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোররা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।’ মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ বলেন, ‘আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে।’
মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরে নানা ঘটনার স্মৃতিচারণা করে মাসুদুর রহমান বলেন, তাঁর স্মৃতিতে পঞ্চগড়ের অমরখানা যুদ্ধের কথা জ্বলজ্বল করছে।
মো. আজাদ আলী বলেন, তিনি ছিলেন ২২ বছরের একজন টগবগে তরুণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়নবিজ্ঞানের ছাত্র ছিলেন। যুদ্ধ করতে গিয়ে হারিয়েছেন একটি হাত। যুদ্ধের সময় ট্রেন উড়াতে গিয়ে তাঁর হাতটি উড়ে যায়।

মুক্তিযুদ্ধের গল্প শোনার পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্বের পর মুক্তিযুদ্ধের ওপর কুইজের আয়োজন করা হয়। ‘ধনধান্য পুষ্প ভরা’ গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ আহমেদ দিবা, সংগঠনটির সদস্য মেরিনা নাসরিন, সামিউল্লাহ সমরাট , আবু তাহের সোহেল, বুলবুল, মুসা, উজ্জ্বল হোসেন, তাহসিনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উম্মে নূর কণা।
