ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় চার মাস পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার শহরের তবলছড়ি এলাকার শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাঙামাটি শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৪-১৫ স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এ বছরের ১৪ জুলাই শেষ হয়। প্রথম বছরে কম্পিউটার সায়েন্সে ৩৪ জন এবং ব্যবস্থাপনা বিভাগে ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এত দিন শ্রেণি কার্যক্রম শুরু করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা করা হয়েছে শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের বর্ধিত ভবনে। প্রশাসনিক কার্যক্রম চলবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায়।
শ্রেণি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।
সেনাবাহিনীর রাঙামাটি জোনের অধিনায়ক লে. কর্নেল মালিক শামসুদ্দিন আহমেদ বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে রাঙামাটির প্রকৃতি ও বৈচিত্র্য আরও পরিপূর্ণ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বক্তব্য দেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এদিকে জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরুর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এতে বলা হয়, জনমতকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফল শুভ হতে পারে না।