শুরু হলো আত্মপরিচয়ের দৃশ্যশিল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মপরিচয়ের দৃশ্যশিল্প
আত্মপরিচয়ের দৃশ্যশিল্প

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ শীর্ষক নবীন শিল্পীদের দৃশ্যশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে প্রদর্শনীর উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনী উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লতিফুর রহমান বলেন, ‘আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে। কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি। এটা করে বাস্তবতাকে এড়ানো যায় না। বাংলাদেশে কয়েকজন ব্লগার, লেখক ও বিদেশি নাগরিক খুন হয়েছেন। এই হত্যার ঘটনাগুলোকে গুরুত্ব না দেওয়ায় হয়তো হলি আর্টিজানে রেস্তোরাঁয় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি হলি আর্টিজানে নিহত তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের কথা উল্লেখ করে বলেন, এই ঘটনা তাঁদের পরিবারের জন্য দুঃখজনক। আবার গর্বেরও। ফারাজ তরুণদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নেসার হোসেন বলেন, এত সুন্দর ও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে এমন নান্দনিক প্রদর্শনী তিনি ঢাকায় দেখেননি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন এই প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান।

দর্শনার্থীরা প্রদর্শনীস্থল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষের ফটকের সামনে দেখতে পাবেন নানা আকারের লোহার ফ্রেম ও কালো পর্দার জ্যামিতিক বিন্যাসের এক স্থাপনাকর্ম। ফ্রেম ও পর্দার বিভিন্ন কোণ থেকে বিচ্ছুরিত লেজার রশ্মি ও আলোক প্রক্ষেপণ সৃষ্টি করেছে আলো-আঁধারির নান্দনিক বৈপরীত্য। তার মাঝে মাঝে কতগুলো নাম ফুটে উঠছে পর্দায়—ফারাজ, অবিন্তা, তারিশি, ইশরাত... । নামগুলো এখন সবার চেনা। একই সঙ্গে বেদনা, বীভৎস ও সাহসিকতার সঙ্গে জড়িয়ে আছে নামগুলো। হলি আর্টিজানে নিহত ব্যক্তিদের স্মরণ করেই প্রথম আলো আয়োজন করেছে ১৮ বছর পূর্তি উপলক্ষে ‘আত্ম/পরিচয়’ নামে নবীন শিল্পীদের কাজ নিয়ে এই দৃশ্যশিল্প প্রদর্শনীর।

এই প্রদর্শনীটি ভিন্নতর। একটি নির্দিষ্ট বিষয়-ভাবনাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম এতে উপস্থাপন করেছেন। তাতে ঘটেছে বৈচিত্র্যের ভেতরে ঐক্যের উন্মেষ। সেই ঐক্য আত্ম-অন্বেষণের। ‘আমি কে’ এই জিজ্ঞাসা চিরন্তন। নতুন প্রজন্মের শিল্পীদের ভাবনায় আত্মপরিচয় কীভাবে ধরা দেয়, তার প্রকাশ ঘটেছে প্রদর্শনীর শিল্পসম্ভারে। এতে আছে চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, ভিডিও চিত্র, স্থাপনা, আলো, শব্দসহ বিভিন্ন মাধ্যমের কাজ। অনূর্ধ্ব ৩৫ বছরের ২৬ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। প্রতিটি কাজ আপন ব্যঞ্জনায় স্বতন্ত্র, সবগুলো মিলে আবার সৃষ্টি করেছে এক বিপুল ঐকতান। এর সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় থাকবে পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে মোট ৪৩ জন শিল্পীর সংশ্লিষ্টতা রয়েছে এই প্রদর্শনীতে।

প্রদর্শনীতে আত্ম-অনুসন্ধানের পাশাপাশি পরিবেশে বিপর্যয়ের প্রভাব, বিশেষ করে উন্নয়নের প্রকল্প পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কেমন প্রভাব ফেলে, সেই দিকটিও আছে। এমনই একটি শিল্পকর্ম দেখা যাবে সুন্দরবন নিয়ে। ভিডিও চিত্র ও ভাস্কর্য নিয়ে একটি স্থাপনাকর্মে দেখানো হয়েছে বেঙ্গল টাইগারের বিপন্নতা। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম প্রাত্যহিক জীবনযাত্রায় ও জনমত গঠনে যে বিপুল ও বহুমাত্রিক প্রভাব-প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, তা-ও প্রদর্শনীর একটি বড় অংশ জুড়ে আছে।