শুরু হলো একলা পথ চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদ বলেছেন, ‘আজ দাবি উঠেছে একক নির্বাচনের; আর কারও সাথে হাত না মেলানোর। তাই আজ থেকে শুরু হলো একলা পথ চলা। মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে একলা পথ চলার সাহস জোগাবে।’ গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী কলেজ মাঠে গতকাল শুক্রবার জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। ৪১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। সাবেক রাষ্ট্রপতি এরশাদ অভিযোগ করে বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায়, দেশে গ্যাস-বিদ্যুৎ-পানি নেই। এমনকি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে তৈরি পোশাকশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। শ্রমিকেরা আজ নিঃস্ব। দুই দলের মারামারিতে জনগণ বিরক্ত। চলতে গেলে যানজট, খাবারে বিষ, কিছু বলতে গেলে পুলিশ ধরে নিয়ে যায়। মানুষ আজ এসব থেকে মুক্তি চায়। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় গেলে আবার সব হবে।’ পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেন, দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে জাতীয় পার্টির আর কোনো বিকল্প নেই। মানুষ চায় জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করুক।পরে এরশাদ গাজীপুর জেলা কমিটির সভাপতি কাজী মাহমুদ হাসানকে গাজীপুর সিটি করপোরেশন (প্রস্তাবিত) নির্বাচনের মেয়র পদপ্রার্থী এবং আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের জন্য খন্দকার আবদুস সালামের নাম ঘোষণা করেন। কাজী মাহমুদ হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, আবদুস সাত্তার মিয়া, খন্দকার আবদুস সালাম প্রমুখ।