শুরু হলো ছয় দিনব্যাপী মিরপুর বইমেলা

বিশিষ্ট লেখক, শিক্ষক ও ছাত্রদের সম্মিলনে শুরু হলো মিরপুর বইমেলা। গতকাল সোমবার বিকেলে বেনারসি পল্লি, মিরপুর সেকশন ১০-এ শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ছয় দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন হয়। মেলার আয়োজক প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, কথাশিল্পী আনিসুল হক, শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী তানিয়া আক্তার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. খলিলুর রহমান এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য জহির উদ্দিন মো. বাবর, আবদুল জব্বার ও ইউনুস আলী মাতবর। শিক্ষক ও অতিথিদের পক্ষে মেলার উদ্বোধন ঘোষণা করেন সৈয়দ আবুল মকসুদ।
অনুষ্ঠানে সৈয়দ আবুল মকসুদ বলেন, বই লেখা ও প্রকাশ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ বইমেলা করা। এলাকাভিত্তিক বইমেলা বই বিপণনের জন্য শুধু নয়, বই প্রদর্শনী ও বইয়ের উপযোগিতা তৈরির জন্যও একটা অসামান্য কাজ।
আনিসুল হক বলেন, বই থেকে পাওয়া যায় ভবিষ্যতের স্বপ্ন ও জীবনের লক্ষ্য। বই কিনে কেউ ঠকে না। কাজী তানিয়া আক্তার বলেন, বই বিবেককে জাগিয়ে তোলে। অতএব, বই পড়ার বিকল্প নেই। মো. খলিলুর রহমান যথাযথ মানুষ হওয়ার জন্য বই পাঠের ওপর গুরুত্ব আরোপ করেন।
ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। সবার জন্য উন্মুক্ত এই বইমেলা চলবে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত। মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই, ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশন্সের বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৫ টাকায়।