শুরু হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জু্নাইদ আহমেদ
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জু্নাইদ আহমেদ

‘জানুক সবাই, দেখাও তুমি’ স্লোগানে শুরু হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫’। শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মতো হচ্ছে এই প্রতিযোগিতা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আঞ্চলিক পর্ব। উদ্বোধনের পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এতে ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী অংশগ্রহন করে। এর পর কুইজে অংশগ্রহনকারীদের নিয়ে শুরু হয় প্রোগ্রামিং কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে অনুষ্ঠিত এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও ঢাকা মহানগরের স্কুল ও কলেজের ৫০ জন শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘আজকের এই হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হলো। আমরা জানি আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। তাদের শুধু এই ধরনের সুযোগ তৈরি করে দিতে পারলেই হবে। তাহলে একদিন আমাদের ছেলে মেয়েরাই গুগল, ফেসবুক তৈরি করতে পারবে।’
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, আনোয়ার গ্রুপের বিপণন বিভাগের প্রধান গালিব মোহাম্মদ, ধানসিঁড়ি কমিউনিকেশেনের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, আন্তজার্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মাহমুদুর রহমান, দ্বিমিক কম্পিউটার স্কুলের চেয়ারম্যান তামিম শাহরিয়ারসহ অনেকে। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারন সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে কুইজে ১২০ জনকে বিজয়ী ঘোষনা করা হয় এবং প্রোগ্রামিং এ ৪৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। যারা সরাসরি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

চলতি বছর সারাদেশকে ৮টি অঞ্চলে আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অঞ্চগুলো হচ্ছে: রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ (গোপালগঞ্জ)। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২৯ মে অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও আনোয়ার ইস্পাত। সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধাঁনসিড়ি কমিউনিকেশন এবং একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.org এবং www.facebook.com/nhspcbd এই ঠিকানায় ।