শুরু হলো জাতীয় পথনাট্য উত্সব
বিকেল চারটা। তখনো রোদের উপস্থিতি শহীদ মিনারের বেদিতে। মাইকে নানা ধরনের দেশাত্মবোধক গান বাজছে। গানের সুরে সুরে লোক জমতে শুরু করেছে। একসময় ঢোলের আওয়াজে কেঁপে উঠল পুরো এলাকা। শঙ্খধ্বনি শোনা গেল। তুমুল করতালিতে মুখরিত বেদিতে শুরু হলো পথনাট্য উত্সব।কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গতকাল সোমবার এভাবেই শুরু জাতীয় পথনাট্য উত্সবের। সপ্তাহব্যাপী এই উত্সবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।‘নির্মল করো প্রতিক্রিয়া প্রগতিরে করো নিঃশঙ্ক’ স্লোগানে গতকাল এই উত্সবের উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও মান্নান হীরা। কেরামত মাওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝুনা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কামাল বায়েজিদ। ঘোষণাপত্র পাঠ করেন আকতারুজ্জামান। সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা।আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় নাটক। গতকাল মহাকাল নাট্যসম্প্রদায়ের জনৈক মুক্তিযোদ্ধার সচিত্র প্রতিবেদন, অপেরার মিরপুর মুক্তির পালা এবং ভাস্কর নাট্যদলের অন্ধ প্রদর্শিত হয়।আয়োজকেরা জানান, এ বছর ছয়টি বিভাগের বিভিন্ন স্থানে পথনাটক দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ময়মনসিংহের টাঙ্গাইল, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ পৌর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেটের হবিগঞ্জ পৌর প্রাঙ্গণ, চট্টগ্রামে ডিসি হিল, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার, খুলনার দর্শনা ও চুয়াডাঙ্গার পৌর প্রাঙ্গণে পথনাট্য উত্সব অনুষ্ঠিত হচ্ছে।