শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের পর্দা সরে যেতেই দেখা গেল, শতাধিক শিল্পী দাঁড়িয়ে আছেন। তাঁদের অনুসরণ করল মিলনায়তনের উপস্থিত সব দর্শক। পুরো মিলনায়তনে ধ্বনিত হচ্ছিল সমবেত কণ্ঠে, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়েই শুরু হয় পাঁচ দিনের একবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান।জাতীয় সংগীতের পরই ১৫টি সংগঠনের শতাধিক শিল্পী পরিবেশন করেন ‘চল যাই চল যাই’ এবং ‘প্রাণের মানুষ আছে প্রাণে।’‘চলো পদে পদে সত্যে ও ছন্দে চলো দুর্জয় প্রাণের আনন্দে’ শিরোনামের এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত তিন শিল্পী বাউলসম্রাট শাহ আবদুল করিম, প্রবাল চৌধুরী এবং তবলাশিল্পী মো. শাহজাহানের স্মৃতির উদ্দেশে।২৫ বৈশাখকে সামনে রেখে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা প্রবীণ বেহালাবাদক সুুবল দত্তকে সম্মাননা প্রদান করে। শিল্পী অনুপ ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক তপন মাহমুদ শুভেচ্ছা বক্তব্যে ১০ দফা দাবি উত্থাপন করেন। রবীন্দ্র একাডেমি প্রতিষ্ঠা ছাড়াও তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিনকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা, ঢাকার একটি সড়ক রবীন্দ্রনাথের নামে করা, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক দুই কবির জন্মবার্ষিকী উদ্যাপনের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমরা রবীন্দ্রনাথ শুনি, কিন্তু পড়া হয় কম। রবীন্দ্রনাথকে ভালোভাবে জানতে হলে তাঁর সমগ্র রচনাবলির সঙ্গে পরিচিত হতে হবে। পাঁচ দিনের এ আয়োজনে সংগীত পরিবেশন করবে দুই শতাধিক শিল্পী ও ১৫টি সংগঠন। দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও গান করবেন এখানে। থাকবে আবৃত্তি, পাঠ ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। উৎসবের তিন দিন সংগীতানুষ্ঠানের আগে হবে রবীন্দ্রনাথের বিষয়ভিত্তিক আলোচনা। উৎসবের শেষ দিন ২৫ বৈশাখ সকালে শিল্পী কলিম শরাফীর জন্মদিন উদ্যাপন করা হবে। অনুষ্ঠান আয়োজনে আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলালিংক। চিত্রশালায় বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীটকটকে লাল শাড়ি পরা গাঁয়ের বধূর মাথায় ঘোমটা। গরুর গাড়িতে চড়েছেন। গাঁয়ের পথে ছুটছে সে গাড়ি। নান্দনিক এ দৃশ্যটি যেন মূর্ত হয়েছে বরেণ্য চিত্রশিল্পী কামরুল হাসানের ক্যানভাসে। জাতীয় চিত্রশালায় ঢুকতেই ‘নায়র’ শিরোনামের বিখ্যাত এ চিত্রকর্মটি মুগ্ধ করল। শিল্পরসিকদের জন্য দারুণ সুখবর। বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সজীব ও প্রাণময় রেখেছেন এমন বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে জাতীয় চিত্রশালায় গতকাল মঙ্গলবার শুরু হয়েছে সাত দিনের বিশেষ প্রদর্শনী। মঙ্গলবার বিকেলে চিত্রশালা প্লাজায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামালা লোহানী, বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী প্রমুখ। বক্তারা বলেন, এ শিল্পকর্ম প্রদর্শনী নতুন প্রজন্মকে দেবে শেকড়ের সন্ধান। শিল্পরসিকদের আত্মানুসন্ধানে নিমগ্ন হয়ে ঐতিহ্যের রসাস্বাদন করতে পারবে বলে মন্তব্য করেন তাঁরা। তবে প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কোনো শিল্পকর্ম না থাকায় এবং শিল্পকর্ম পরিবেশনায় শিল্পীদের জ্যেষ্ঠতার ক্রমান্বয় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, দেবদাস চক্রবর্তী, আবদুর রাজ্জাক, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, শহীদ কবির, সমরজিৎ রায় চৌধুরী, শামীম সিকদার, শিশির ভট্টাচার্য্য প্রমুখের মোট ১৪৭টি শিল্পকর্ম। শিল্পকলা একাডেমীর সংগ্রহশালা থেকে নেওয়া হয়েছে শিল্পকর্মগুলো। এবারই প্রথম প্রদর্শিত হচ্ছে শিল্পকর্মগুলো।বেঙ্গলে হামিদুজ্জামানের ‘কালো আঁধারী’ ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয়েছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক রফিকুন নবী এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ‘কালো আঁধারী’ প্রদর্শনীতে শিল্পকর্মের বহুমাত্রিক ও অনুভূতিময় নিসর্গচেতনা মূর্ত হয়েছে। নিসর্গকে পরম মমতায় তিনি এঁকেছেন নানা দৃষ্টিকোণ থেকে। এ ছাড়া তিনি বেশ কয়েকটি মুখায়ব এঁকেছেন। এই মুখাবয়বে শিল্পীর মুখোশ চর্চার ইঙ্গিত পাওয়া যায়। পরিবর্তনপ্রয়াসী এ শিল্পীর সৃষ্টি তাৎপর্যময় হয়েছে রং ব্যবহারের মুনশিয়ানায়। বিশেষত, কালো রং তাঁর শিল্পচেতনায় এক অর্থযোজনা করেছে। এ প্রদর্শনী তাঁর মানসযাত্রায় এক মাত্রা সঞ্চার করেছে বলে মন্তব্য করেন প্রদর্শনীতে আসা অতিথিরা।প্রদর্শনীতে ১৩টি ভাস্কর্য ও ৪৪টি চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী ১৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। শিল্পী হামিদুজ্জামান খান ১৯৪৬ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।