শুরু হলো জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে গতকাল শুক্রবার দেশব্যাপী শুরু হয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক তৃতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। গতকাল খুলনা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর ও লক্ষ্মীপুরে আঞ্চলিক বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)—তিন ক্যাটাগরিতে দেড় সহস্রাধিক শিক্ষার্থী বাছাই পর্বে অংশ নিয়েছে।

সকালে স্থানীয় শিক্ষাবিদ ও গুণীজনেরা উল্লিখিত পাঁচ জেলায় বেলুন উড়িয়ে বাছাই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় অংশ নেয়। মোট নয় জেলার বাছাই অলিম্পিয়াডে বিজয়ীদের নাম আগামী ১ আগস্ট বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আঞ্চলিক বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে আগামী ১২ আগস্ট ঢাকায় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক তৃতীয় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃতদের ক্যাম্পের মাধ্যমে নেদারল্যান্ডসের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হবে।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে আছে দৈনিক প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিজেএসওর ওয়েবসাইট www.bdjso.org  এবং ফেসবুক পেজ www.facebook.com/bdjsoএ।