শুরু হলো ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা গতকাল শুক্রবার শুরু হয়েছে।
সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এএসএম শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য্য, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর রহমান খোন্দকার।
সাজেক থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এই প্রতিযোগিতা হবে। এতে অংশ নিয়েছেন ৪২ জন প্রতিযোগী। প্রথম দিন সাজেক থেকে ৬৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগীরা খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রে আসেন। ২ ঘণ্টা ৫০ মিনিটে এই পথ পাড়ি দিয়ে প্রথম হন মোহাম্মদ আলাউদ্দিন।
প্রতিযোগিতা উপলক্ষে গতকাল বিকেলে খাগড়াছড়ি উন্নয়ন বোর্ডের রেস্টহাউসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, শনিবার সকাল সাতটায় প্রতিযোগীরা খাগড়াছড়ির চেঙ্গী সেতু থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা করবেন। ২৬ মার্চ রাঙামাটি থেকে যাত্রা করে বান্দরবানের নীলগিরিতে গিয়ে পৌঁছাবেন। ২৬ মার্চ বিকেলে বান্দরবান স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।