শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ চলচ্চিত্র উৎসবের ২৫ বছর পূর্ণ হলো এবার।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে হলো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর ভাষণে বলেন, একটি জ্ঞানভিত্তিক প্রগতিশীল সমাজ গঠনে চলচ্চিত্র বড় ভূমিকা রাখতে পারে। এখনকার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, নির্মাতা ও শিল্পীরা তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে তাঁদের সৃজনশীল কাজে নিয়োজিত থাকা উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সভাপতি মিস আলিন তাসকিয়ান। সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় উদ্বোধনী ছবি লেবাননের নির্মাতা মাই মাসরি পরিচালিত থ্রি থাউজেন্ড নাইটস।
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসব শাহবাগের জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ, এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ও পান্থপথের স্টার সিনেপ্লেক্সে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।