চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী প্রথম আলো-টিআইবি তারুণ্য উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেছে চুয়েট ডিবেটিং সোসাইটি (ডিএস)।সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর আটটি বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয় এবং সকাল সাড়ে ১০টায় আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে আটটি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা তাঁদের আলোকচিত্র প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুর রশীদ, ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম, সজল চন্দ্র বণিক, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাজ্জাদ হোসাইন প্রমুখ। এর আগে আনন্দ শোভাযাত্রা বের হয়।বিকেল সাড়ে পাঁচটায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। সন্ধ্যায় প্রদর্শিত হয় গ্রুপ থিয়েটার মলিয়ের ভদ্দরনোক।