শুরু হলো তিন দিনব্যাপী করোনা হ্যাকাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক লাইভে হ্যাকাথন ‘করোনাথন-১৯’–এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: ডিআইইউর বিজ্ঞপ্তি
ফেসবুক লাইভে হ্যাকাথন ‘করোনাথন-১৯’–এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: ডিআইইউর বিজ্ঞপ্তি

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক হ্যাকাথন ‘করোনাথন-১৯’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উদ্যোগে শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

জুনিয়র ও সিনিয়র দুই ক্যাটাগরিতে প্রতিযোগীরা এই অনলাইন হ্যাকাথনে অংশ নিতে পারছেন। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জুনিয়র ক্যাটাগরি। আর কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিনিয়র ক্যাটাগরি।

আয়োজক পক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ভারত, পাকিস্তান, ইরান, তাইওয়ান, নাইজেরিয়া, জাপান, মেক্সিকো, চীন, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ থেকে শতাধিক দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ২৫ হাজার ইউএস ডলার। আগামী সোমবার পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।

মূলত ফেসবুক লাইভের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ডিআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান এবং ডিআইইউর মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ও করোনাথন-১৯–এর আহ্বায়ক শেখ মোহাম্মদ আল্যায়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসডিআইয়ের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, AI/ML/IOT/ Robotics Ges Big Data প্রভৃতি প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা, খাদ্য, পুষ্টি, শিক্ষাসহ অন্যান্য বিষয়ের সমস্যার ওপর প্রতিযোগীরা সমাধান বের করবে। শিক্ষার্থীদের জমা দেওয়া প্রকল্প বা সমাধানগুলো প্রযুক্তি বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে নির্বাচিত করা হবে। নির্বাচিত সমাধানগুলোকে আরও পরিশীলিত করার জন্য ড্যাফোডিল আর্থিক অনুদানসহ ল্যাব সেবা দেবে।

প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে https://coronathon19.daffodilvarsity.edu.bd/ তে।