শুরু হলো দৃশ্যশিল্প প্রদর্শনী 'খবরখাদ্য'

‘প্রথম আলো’র পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকীর ধারাবাহিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরে উদ্বোধন করা হলো ‘খবরখাদ্য’ শিরোনামের দৃশ্যশিল্প প্রদর্শনী। শিল্পী ওয়াকিলুর রহমানের এই প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে শিল্পী ওয়াকিলুর রহমান স্লাইড শো, শব্দ এবং প্রজেকশন ব্যবহার করেছেন। ‘প্রথম আলো’য় ছাপা হওয়া সংবাদ, কার্টুন, ছবি এই প্রদর্শনীর প্রধান উপজীব্য। ওয়াকিলুর রহমান জানান, প্রতিদিন সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামের পারফর্মিং আর্টসের শিল্পীরা তাঁদের পরিবেশনা নিয়ে হাজির হবেন অনুষ্ঠানে।
‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের স্বাগত বক্তব্যের পর কথা বলেন শিল্পী ওয়াকিলুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, শিল্পী শিশির ভট্টাচার্য, ‘প্রথম আলো’র জন্মদিনে বিশেষ আমন্ত্রণে ঢাকায় আসা অতিথিদের মধ্যে মিসরের ‘আল আহরাম’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামাল আলী গাব্বালা ইউনুস, ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা রবি ধারিয়াল, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি, ভারতের ‘আনন্দবাজার পত্রিকা’র বার্তা সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় এবং নেপালের ‘কাঠমান্ডু পোস্ট’ পত্রিকার বার্তা সম্পাদক মুকুল হুমাগাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটায় প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকবে।