
চারটা বাজতেই নবীন-প্রবীণ লেখক-পাঠকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষটি। উৎসবমুখর পরিবেশে অতিথিরা বইমেলার উদ্বোধনের ঘোষণা দিলেন।
গতকাল শনিবার রোদমাখা বৃষ্টির বিকেলে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের দ্বিতীয় একক বইমেলা। আট দিনব্যাপী এ বইমেলা উদ্বোধন করলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন কথাশিল্পী সেলিনা হোসেন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক আলম তালুকদার ও কথাশিল্পী আনিসুল হক।
মেলায় প্রথমা প্রকাশনের বই তো আছেই, সঙ্গে আছে প্রথমা বইয়ের দুনিয়ার ভান্ডার থেকে তুলে আনা দেশি ও ভারতীয় পুরোনো বই, পত্রপত্রিকা ও ছোট কাগজ। মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি ও ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার বন্ধ।
শামসুজ্জামান খান বলেন, প্রথমা প্রকাশন খুব অল্প সময়ে মানসম্পন্ন বই প্রকাশ করে ভালো প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সেলিনা হোসেন প্রথমা প্রকাশনকে ধন্যবাদ জানালেন এই বলে, পাঠকের হাতের কাছে বই পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। এ বইমেলা সুন্দর করে সেই জরুরি কাজটিই করছে। আলম তালুকদার আরও সংক্ষিপ্ত করে ছড়ায়-ছন্দে পাঠকদের স্বাগত জানালেন বইয়ের দুনিয়ায়। আনিসুল হক বলেন, ‘এখানে কম দামে বই বিক্রি হচ্ছে। আমরা সময় নষ্ট না করে কম দামে বই কিনে নেব।’
শুধু আগে প্রকাশিত বই কেনাবেচা না, মেলায় নতুন বইও প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রথমা। উদ্বোধনী দিনেই মেলায় এসেছে রকিব হাসানের ‘গোয়েন্দা কিশোর-মুসা-রবিন সিরিজ’-এর তৃতীয় বই গোল্ডেন বাইক রহস্য। কাল রোববার মেলায় প্রকাশিত হবে ‘ছোট্টপিডিয়া’ সিরিজের বই শরীফ খানের পাখি ও মোকারম হোসেনের ফুল। আরও নতুন বই আসার সম্ভাবনা আছে বলে জানান প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হক, সৈয়দ আবুল মকসুদ, রেজাউর রহমান, মাহবুব আলম, মালেকা বেগম, সৈয়দ মনজুরুল ইসলাম, জাফর আলম, মোরশেদ শফিউল হাসান, শরীফ খান, ফরিদ আহমদ, মিজানুর রহমান খান, জাহিদ হায়দার, নাসরীন জাহান, মুনির হাসান, সুফি মোস্তাফিজুর রহমান, ফারসীম মান্নান মোহাম্মদী প্রমুখ।