শুরু হলো বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা 'ইগ্নাইট'

স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চাকে আরও জনপ্রিয় করে তুলতে শুরু হয়েছে বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা ‘ইগ্নাইট’। প্রাথমিকভাবে তিন বিভাগের ৭৫টি বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এর উদ্যোক্তা। গতকাল শনিবার দুপুরে ডেইলি স্টার মিলনায়তনে এই প্রতিযোগিতার কার্যক্রমের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ বলেন, ‘আমাদের দেশের বড় বড় সফলতা এসেছে কম শিক্ষিত মানুষের মাধ্যমে। অথচ শিক্ষিত মানুষেরা দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখার যোগ্যতা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে সামনে এগোতে পারব।’
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, বর্তমান বাংলাদেশের মধ্যে দুটি বাংলাদেশ রয়েছে। এক বাংলাদেশ সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আর অন্য বাংলাদেশ দুর্নীতি, অলসতা, অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে পিছিয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি ও বিজ্ঞানকে ভালোবাসার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাই।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘আমরা যখন বিজ্ঞান মেলাগুলোতে যাই, তখন দেখি মেলা আছে কিন্তু বিজ্ঞান নেই। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা-ভাবনাকে উসকে দিতে চাই।’
প্রতিযোগিতায় উপদেষ্টা হিসেবে আছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। ইগ্নাইট মজার ও শিক্ষামূলক একটি প্রতিযোগিতা যা বিশেষভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ডিসকভার সায়েন্স বিভাগে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আইডিয়া ফ্লাইট এবং নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইমাজিন দ্য ফিউচার বিভাগে অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে আলাদাভাবে, দ্বিতীয় পর্যায়ে সব স্কুলের বিজয়ীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে এবং চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকায় আয়োজন করা হবে।
‘ইগ্নাইট’ প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করতে ও প্রতিযোগিতাবিষয়ক আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.ignite-bd.com এই ঠিকানায়।