শুরু হলো বিবিসি জানালার'আমার ইংরেজি কোর্স-২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন, ইন্টারনেট ও সংবাদপত্রের মাধ্যমে আজ রোববার শুরু হয়েছে বিবিসি জানালার ‘আমার ইংরেজি কোর্স-২’।

যেসব শিক্ষার্থী এরই মধ্যে কিছুটা ইংরেজি জানেন, মূলত তাঁদের কথা চিন্তা করেই দ্বিতীয় কোর্সটি তৈরি করা হয়েছে।

বিবিসি জানালার কর্মকর্তারা বলেছেন, নতুন এই কোর্সে প্রয়োজনীয় শব্দ, ব্যাকরণ, কথোপকথন ও উচ্চারণ নিয়ে মোট ৯৬টি লেসন আছে। এ ছাড়া, ইংরেজিতে নিজেদের দক্ষতা যাচাইয়ের জন্য শিক্ষার্থীরা এই কোর্সের বিভিন্ন কুইজে অংশ নিতে পারবেন। ২৪টি চ্যাপটার ও কুইজ সফলভাবে সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীরা পাবেন একটি কোর্স সমাপনী পত্র বা কোর্স রিপোর্ট।

এ প্রসঙ্গে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, ‘যাঁরা ইংরেজি শিখতে চান, তাঁদের আর্থিক, সামাজিক, ভৌগোলিক বা শিক্ষাগত অবস্থান যা-ই হোক না কেন, তাঁরা মোবাইল ফোন, ইন্টারনেট বা সংবাদপত্রের মাধ্যমে নিজেদের সময়-সুযোগমতো ইংরেজি শেখার সুযোগ পাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি, বাংলাদেশের লাখ লাখ মানুষ নিজে নিজে অথবা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই কোর্সগুলোতে অংশ নিচ্ছেন। নতুন কোর্সটি থেকেও তাঁরা উপকৃত হবেন।’

‘আমার ইংরেজি কোর্স-২’ বিবিসি জানালার শিক্ষা উপকরণগুলোর একটি অংশ। ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের আওতায় বিবিসি মিডিয়া অ্যাকশন ‘বিবিসি জানালা’ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের লক্ষ্য বাংলাদেশের আড়াই কোটি মানুষকে ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা।   

শিক্ষার্থীরা বিবিসি জানালার ওয়েবসাইট www.bbcjanala.com ভিজিট করে অথবা বাংলাদেশের যেকোনো মোবাইল ফোন থেকে ৩০০০৬২ নম্বরে ডায়াল করে এই কোর্সে অংশ নিতে পারবেন। এ জন্য মোবাইল ফোনে প্রতি মিনিটে খরচ হবে মাত্র ৫০ পয়সা (+ভ্যাট)। এ ছাড়া, ‘প্রথম আলো’ পত্রিকায় প্রতি সপ্তাহে চার দিন লেসন ছাপা হচ্ছে। এটি পড়ার মাধ্যমেও শিক্ষার্থীরা এই কোর্সে অংশ নিতে পারবেন। নতুন কোর্সের পাশাপাশি তুলনামূলক কম দক্ষ শিক্ষার্থীদের জন্য তৈরি করা ‘আমার ইংরেজি-১’ কোর্সটিও বিবিসি জানালার একই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা যাবে। আর মোবাইল ফোনের সাহায্যে প্রথম কোর্সে অংশ নেওয়ার জন্য ডায়াল করতে হবে ৩০০০৬১ নম্বরে।