শুরু হলো ভিকারুননিসা নূন বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন বিজ্ঞান উৎসবে প্রকল্প প্রদর্শন করছে খুদে বিজ্ঞানীরা l ছবি: প্রথম আলো
ভিকারুননিসা নূন বিজ্ঞান উৎসবে প্রকল্প প্রদর্শন করছে খুদে বিজ্ঞানীরা l ছবি: প্রথম আলো

মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটন ও বিজ্ঞানের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রাণ ফ্রুটো ভিকারুননিসা নূন বিজ্ঞান উৎসব ২০১৫। প্রতিবারের মতো এবারও এই অষ্টাদশ বিজ্ঞান মেলার আয়োজক ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কলেজের মূল ক্যাম্পাসে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
সদ্য প্রয়াত বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের কথা স্মরণ করে মেনন বলেন, ‘পরীক্ষায় নম্বর পাওয়া বড় ব্যাপার নয়, এর পাশাপাশি সহপাঠের গুরুত্বও অপরিসীম। আমাদের দেশের মেয়েরা পর্বত জয় করা থেকে শুরু করে বিজ্ঞানের সকল ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত অংশ নেবে।’
অনুষ্ঠানের সভাপতি, ভিকারুননিসার অধ্যক্ষ সুফিয়া খাতুন অজানাকে জানার জন্য সর্বদা সচেষ্ট থাকার উপদেশ দেন। ক্লাব পরিচালক মাজেদা বেগম এবং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট তাসনিয়া হামিদ অনুষ্ঠানে উৎসবের মূল বিষয় উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন ড. রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মঞ্জু আরা বেগম এবং শিক্ষক প্রতিনিধি জিনাত আরা।
খুদে বিজ্ঞানীদের এই বিজ্ঞান মেলা চলবে চার দিন। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি রাজধানীর ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী কুইজ, অলিম্পিয়াড, রুবিক’স কিউব ও সুডোকু প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ৭ আগস্ট শুক্রবার মেলাটি সব মেয়েশিক্ষার্থী ও এন্ট্রি পাস ধারণকারী ছেলেশিক্ষার্থীদের জন্য জন্য উন্মুক্ত থাকবে।
এ উৎসবের অন্যতম মিডিয়া পার্টনার কিশোর আলো। মেলায় থাকছে কিশোর আলোর একটি নিজস্ব স্টল, যেখানে কিআর নতুন-পুরোনো সংখ্যা, রিস্টব্যান্ড, ব্যাজ, স্টিকার ও টি-শার্ট কিনতে পাওয়া যাবে। সঙ্গে আরও থাকছে গ্রাহক হওয়া ও তাৎক্ষণিক পুরস্কার জেতার সুযোগ।