মুক্তিযুদ্ধের গল্পের দ্বিতীয় আসর

‘আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম মায়ের প্রেরণায়। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে মা আমাকে একদিন বললেন, “রফিকুল, এভাবে বেঁচে থাকার চেয়ে বীরের মতো বেঁচে থাকা ভালো। তুই যুদ্ধে চলে যা। দেশকে শত্রুমুক্ত কর। ” মা আমাকে উৎসর্গ করেন দেশের জন্য। এরপর আমি মুক্তিযুদ্ধে যোগ দিতে যাই ভারতে। তখন আমি দশম শ্রেণীর ছাত্র। বয়স ১৮-১৯।’ আবেগঘন কণ্ঠে এ কথা বলছিলেন রফিকুল ইসলাম বীর প্রতীক।
মুক্ত আসরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’র আসর। এর অংশ হিসেবে আজ শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মাদপুরের চিলড্রেনস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুলে গল্পের আসর হয়। শিশু-কিশোরদের জন্য আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনান রফিকুল ইসলাম বীর প্রতীক।

জাতীয় সংগীত গেয়ে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। চিলড্রেনস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. খলিলুর রহমান নীরবতা পালন করার আহ্বান জানান। এরপর স্কুলের প্রধান শিক্ষক রোমানা জাহান তাঁর বক্তব্যে বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোররা দেশের সঠিক ইতিহাস জানতে পারবে। দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবে।’
মুক্তিযুদ্ধের গল্প শোনার পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্বের পর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ওপর কুইজের। ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি পরিবেশন করেন স্কুলের শিক্ষক নাজনীন ইসলাম। এই গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত আসর সংগঠনের সভাপতি আবু সাঈদ, সদস্য আবু তাহসীন, আবু তাহের, ইব্রাহীম ভূইয়া, মুসা কাজিমসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উম্মে নূর কণা। আয়োজনে বিস্তারিত জানা যাবে: https://www.facebook.com/MuktoAsor