শুরু হলো লালন স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অসামান্য কিংবদন্তির নাম ফকির লালন শাহ। শত বছরের ধারাবাহিকতায় লালন স্মরণ-উৎসব এখন শ্রেণী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন উৎসব। গতকাল মঙ্গলবার ছিল বাউলসম্রাট ফকির লালন শাহের ১২২তম তিরোধান দিবস। এই দিনটিকে মনে রেখে রাজধানী ঢাকা ও কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে লালন স্মরণোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে চার দিনের ‘লালন উৎসব’। সোমবার একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। উৎসবের অংশ হিসেবে গতকাল দেখানো হয় চলচ্চিত্র মনের মানুষ । লালনের আধ্যাত্মিক গানে মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়ি। এবারের উৎসবের স্লোগান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ তাঁর হাজারো ভক্ত-অনুসারী জমায়েত হয়েছে ছেঁউড়িয়ার সাঁইজি-ভূমিতে। সকালে কালী নদীর তীরে লালনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক। সন্ধ্যা সাতটা মূল মঞ্চে লালন একাডেমির আয়োজনে সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এরপর শুরু হয় দলীয় ও একক গানের পরিবেশনা। বাংলালিংক এই উৎসবের পৃষ্ঠপোষকতা করছে। উৎসবের আয়োজক লালন একাডেমি ও কুষ্টিয়ার জেলা প্রশাসন।