শুরু হলো শিল্পকলা একাডেমীর যাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাত্রা বাংলাদেশের হূদয় থেকে উঠে এসেছে। যাত্রা আজও মধ্যরাতে দর্শককে আলোড়িত করে। এ মাধ্যমটিকে সংরক্ষণ ও লালন করা খুবই জরুরি।’—হাজার বছরের ঐতিহ্য বাঙালির যাত্রাকে সংরক্ষণ ও লালন করার তাগিদে অনেক আগেই এ উক্তিটি করেছিলেন কবি শামসুর রাহমান। ‘বেশ কয়েক বছর থেকেই সংকট চলছে যাত্রাশিল্পে। কোনো বড় আয়োজন ছিল না, ছিল না সরকারি পৃষ্ঠপোষকতা। আজ মনে হচ্ছে, যাত্রার কদর নগরজীবনে কমেনি। যাত্রাশিল্প হারিয়ে যাবে না।’—যাত্রা উৎসবে এসে একজন প্রবীণ যাত্রাশিল্পী শামসুর রাহমানের উক্তির উদ্ধৃতি দিয়ে এ মন্তব্য করলেন। তাঁর মতো অনেক যাত্রানুরাগীর আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে শিল্পকলা একাডেমীতে আয়োজিত যাত্রা উৎসব।দেশজ ধারার যাত্রাপালাকে অবক্ষয় ও বিলুপ্তিরর হাত থেকে রক্ষার জন্য ‘সাধনা’র সহযোগিতায় একাডেমীর সাত দিনের যাত্রা উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বেগম সারা আরা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দে ও সাধনার লুবনা মরিয়ম। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।মন্ত্রী বলেন, সরকার যাত্রাশিল্পের উন্নয়নে একটি নীতিমালা তৈরি করছে।উদ্বোধনী দিনে চৈতালী অপেরার পরিবেশনায় মঞ্চস্থ হয় হাবীব সারোয়ার নির্দেশিত যাত্রাপালা দেবী সুলতানা। এতে অভিনয় করেন হেমকান্তি সেন, ফরিদ রানা, কুতুব উদ্দিন, গোবিন্দ সরকার, লতিফ সুলতান, আবুল কালাম, সিরাজুল হক, সুলতান, ইতু মণ্ডল, হাবিব সারোয়ার, মকবুল হোসেন, সবুজ মণ্ডল, দৌলত খাঁ, মহাদেব বিশ্বাস, দেবশ্রী ঘোষ, বাসন্তী বেগম ও মিনু বেগম। উৎসবে আরও যেসব পালা মঞ্চস্থ হবে, তার মধ্যে রয়েছে অগ্রগামী যাত্রা ইউনিট প্রযোজিত পূর্ণেন্দু রায় রচিত স্বামী-স্ত্রী, আনন্দ অপেরা প্রযোজিত ব্রজেন্দ্র কুমার দে রচিত কহিনুর, নিউ রঙমহল প্রযোজিত প্রাসাদ কৃষ্ণ ভট্টাচার্য রচিত মানবীদেব, জ্যোৎস্না বিশ্বাস নির্দেশিত ব্রজেন্দ্র কুমার দে রচিত মহীয়সী কৈকেয়ী। যাত্রা প্রদর্শন ছাড়াও উৎসবের সমপনী দিনে রয়েছে অমলেন্দু বিশ্বাস স্মারক বক্তৃতা ও সেমিনার।চিত্রশালা প্লাজায় ভূতের মেলাভূত কী? তা জানার জন্য রয়েছে প্রতিটি শিশুর ভয় মেশানো কৌতূহল। এসব বিবেচনা করেই গতকাল শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় ‘ভূতের মেলা’ শীর্ষক বিশেষ মেলার আয়োজন করা হয়েছিল। দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। ভূতের মেলায় শুধু শিশুরা নয়, বড়রাও নানা প্রতিযোগিতায় অংশ নেন।আর্টএক্স আয়োজিত এ মেলায় ছিলো ভূতবিষয়ক বইয়ের প্রদর্শনী, ভূতবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভূতের গল্প বলা প্রতিযোগিতা, ভূতের গল্প বলা, যেমন খুশি তেমন ভূত সাজা, কম্পিউটার গেমস, কম্পিউটারে ছবি আঁকা প্রতিযোগিতা।বিশাল পর্দায় ভূতবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, নাটিকা, কবিতা আবৃত্তি, গান, হরবোলা, পাপেট শো, পুতুলনাচ, রোবোট ভূত ও থ্রিডি অ্যানিমেশন, ভূতের ছবির প্রদর্শনী, কার্টুন, জাদু প্রদর্শনী, মানুষ ভূতের প্রদর্শনী, ভূতের ছবি তোলা, ভূতের মুখোশ, ভূতের টি-শার্ট, ভূতের সিডি বা ডিভিডি, ভূতের নাচ ইত্যাদি আয়োজনে শিশুরা দারুণ একটি দিন কাটিয়েছে।রবীন্দ্র মেলায় বন্যাকে আজীবন সম্মাননারবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে রবীন্দ্র মেলা। এবার চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। নামকরণও তাই ‘রবি-চ্যানেল আই রবীন্দ্র মেলা’। জানা গেছে, এবার রবীন্দ্র মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সম্মাননা হিসেবে তাঁকে দেওয়া হবে দুই লাখ টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এসব তথ্য জানান।তিনি আরও জানান, চ্যানেল আই চত্বরে কাল শনিবার বেলা ১১টায় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই মেলার উদ্বোধন করবেন। থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল। মেলায় রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে ছবি আঁকবেন দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা। এসব ছবির বিক্রি থেকে পাওয়া অর্থ রবীন্দ্র গবেষণার কাজে ব্যয় করা হবে। মেলায় আরও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের রবীন্দ্র পরিবেশনা। মঞ্চস্থ হবে সুরের ধারার গীতিনাট্য।