শুরু হলো স্পুটনিক ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পুটনিক ফেস্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আয়োজকেরা। ছবি: সৌজন্য ছবি
স্পুটনিক ফেস্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আয়োজকেরা। ছবি: সৌজন্য ছবি

রাজধানীর ধানমন্ডিতে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে স্পুটনিক ফেস্ট-২০১৬। এই স্পুটনিক ফেস্ট চলবে প্রায় তিন মাস। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও রুশ দূতাবাসের সংস্কৃতি বিভাগ যৌথভাবে এই ফেস্টের আয়োজন করেছে।
আজ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে সংবাদ সম্মেলনের এই ফেস্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
আয়োজকেরা জানান, ১৯৫৭ সালের ৪ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে প্রথমবারের মতো স্পুটনিক-১ নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। সেই ঘটনার ৫৯তম বার্ষিকী উপলক্ষে এই স্পুটনিক ফেস্টের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি দিওমিন বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে পড়তে ও গবেষণা করতে উৎসাহ জোগাবে। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এমন যেকোনো উদ্যোগের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এই মেলায় আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রকেটের মডেল বানানোর প্রতিযোগিতা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। স্পুটনিক-১-এর বিষয়ে বিভিন্ন আলোকচিত্রের প্রদর্শনী এরই মধ্যে শুরু হয়ে গেছে। ৬ অক্টোবর থেকে শুরু হয়ে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

২০ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিষয় হলো ‘স্পুটনিক-১’ ও ‘মহাশূন্যে মানুষ’।

ডিসেম্বরের ২২ তারিখে হবে রকেটের মডেল বানানোর প্রতিযোগিতা। ওই দিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

এ ছাড়া অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে চলবে ‘অ্যাস্ট্রো ওয়ার্কশপ’। মোট ১০টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকেরা। এসব ওয়ার্কশপে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। ওয়ার্কশপে অংশ নিতে নির্দিষ্ট ফির বিনিময়ে নিবন্ধন করতে হবে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, শাহবাগের আজিজ সুপার মার্কেটে বইয়ের দোকান ‘অভীক’ ও কলাবাগান ক্রীড়াচক্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে।

এসব আয়োজনে আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। এ জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন ও অ্যাসোসিয়েশনের সদস্য প্রকৌশলী সুকল্যাণ বাছাড়। স্পুটনিক ফেস্ট-২০১৬-এর মাধ্যমে এ দেশের তরুণ প্রজন্ম বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।