শুরু হলো স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র যেন এক গদ্যছন্দ কবিতা, যেন বা এক ছোটগল্প। স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র এখন আর শুধু আন্দোলন নয়, এটা এখন চলচ্চিত্রের স্বতন্ত্র ধারায় পরিণত হয়েছে। সৃজনশীল মানুষের ব্যাপক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরে ১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের শুরুর দিনেই প্রচুর দর্শক সমাগমে এর প্রমাণ মেলে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম নয় দিনের এ উৎসব আয়োজন করেছে।জাতীয় জাদুঘরে বিকেলে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয়; শিক্ষার অন্যতম মাধ্যম। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অনেক অপপ্রয়াস চালানো হয়েছে।’ চলচ্চিত্র নির্মাতাদের প্রতি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত চলচ্চিত্র নির্মাণের জন্য শিগগিরই দেশে সমন্বিত চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করা হবে। সরকার এই নীতিমালার আলোকে দেশে একটি উন্নত চলচ্চিত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী প্রতিবছর অন্তত অনূর্ধ্ব এক ঘণ্টার পাঁচটি সৃজনশীল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ১০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। তবে এর একটি অন্তত শিশুতোষ চলচ্চিত্র হবে বলে তিনি উল্লেখ করেন। শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণে প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও তিনি ঘোষণা করেন।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও সংস্কৃতমন্ত্রী আবুল কালাম আজাদ, উৎসব পরিচালক রাশেদ এম চৌধুরী ও শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম। ঘোষণা পাঠ করেন উৎসব কমিটির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ।উদ্বোধনী অনুষ্ঠানে তারেক মাসুদের নরসুন্দর, ইয়াসমিন কবিরের শেষকৃত্য, পোল্যান্ডের টমাস জুরকিউইজের গ্র্যান্ডমা হ্যাজ গন ও আর্জেন্টিনার প্যাট্রিশিও প্লাজার দি এমপ্লয়মেন্ট চলচ্চিত্র দেখানো হয়।এবারের উৎসবে বাংলাদেশ, ইরান, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, ভারত, সুইডেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কাসহ ৩০টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশের ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ও শাহবাগ আজিজ মার্কেটের বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে। উত্সবে শ্রেষ্ঠ কাহিনিচিত্র ও শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের ওপর পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া অনূর্ধ্ব ১০ মিনিট দৈর্ঘ্যের একটি ছবিকে দেওয়া হবে তারেক শাহরিয়ার স্মৃতি পুরস্কার। আয়োজকেরা জানিয়েছেন, দুই বছর পরপর এ উত্সবের আয়োজন করা হয়।লালন স্মরণোত্সব সমাপ্তকুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে পাঁচ দিনের লালন স্মরণোৎসব। শেষ দিন সন্ধ্যায় লালন একাডেমী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃত মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুলাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লালন গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী।পরে লালন একাডেমীর শিল্পী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাংবাদিকতা ও লালনচর্চায় অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা পদক দেওয়া হয়।দিপালী ভট্টাচার্যের একক প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার ভারতীয় শিল্পী দিপালী ভট্টাচার্যের ‘স্মৃতির সঞ্চরণশীল বুনন’ নামের একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে।সন্ধ্যা ছয়টায় বেঙ্গল গ্যালারিতে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্র।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে শিল্পী দিপালী ভট্টাচার্যের প্রদর্শনীর সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৩৪। প্রদর্শনী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।