শুরু হলো হে ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে গতকাল হে ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তারিক আলী। মঞ্চে (বাঁ থেকে) লিন্ডি কুক, আহদাব শোয়েব, অধ্যাপক আনিসুজ্জামান, শামসুজ্জামান খান, রোজি আর্নট, সৈয়দ মনজুরুল ইসলাম ও মাহ্ফুজ আনাম ষ ছবি: প্রথম আলো
বাংলা একাডেমিতে গতকাল হে ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তারিক আলী। মঞ্চে (বাঁ থেকে) লিন্ডি কুক, আহদাব শোয়েব, অধ্যাপক আনিসুজ্জামান, শামসুজ্জামান খান, রোজি আর্নট, সৈয়দ মনজুরুল ইসলাম ও মাহ্ফুজ আনাম ষ ছবি: প্রথম আলো

যুক্তরাজ্যের ওয়েলসের ছোট্ট একটি শহর হে। হাজার দেড়েক লোকের বসবাস। তবে শহরটির অন্য একটি নামও আছে—‘বইয়ের শহর’। এই নামকরণ হয়েছে শহরটিতে প্রায় অর্ধশত বইয়ের দোকানের কারণে। শহরটির গ্রন্থানুরাগী বাসিন্দারা হে শহরের নাম দিয়ে একটি সাহিত্য উৎসবের আয়োজন করেছিলেন প্রায় আড়াই দশক আগে। কালের পরিক্রমায় সেই হে উৎসব পরিণত হয়েছে সাহিত্যের এক আন্তর্জাতিক উৎসবে। ‘কল্পনায় বিশ্ব’ শিরোনামে গতকাল ঢাকায় তৃতীয়বারের মতো শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক হে উৎসব।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এখন উৎসবের সাজে সজ্জিত। দেশি-বিদেশি প্রকাশকেরা তাঁদের প্রকাশনা দিয়ে সাজিয়েছেন স্টলগুলো। তারিক আলী, আহদাব শোয়েব, পঙ্কজ মিশ্র, এলিয়ট উইনবার্গার, আমের হুশেন, রমেশ গুনেসেকেরাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় অর্ধশত খ্যাতিমান সাহিত্যিক, শিল্পী ও নির্মাতার সঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, সৈয়দ মনজুরুল ইসলামসহ দেশের প্রবীণ ও নবীন প্রজন্মের সাহিত্যিক-শিল্পীদের সমাগমে সারা দিন পরিবেশ ছিল প্রাণবন্ত। সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী লোকগানের আসর।

ঢাকায় ২০১১ সালে প্রথমবার হে উৎসব হয়েছিল ব্রিটিশ কাউন্সিলে। গত বছরের ১৫ থেকে ১৭ নভেম্বর তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয় বাংলা একাডেমিতে। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবে ১১টি দেশের সাহিত্যিকেরা অংশ নিচ্ছেন। এই উৎসবের আয়োজন করেছে আন্তর্জাতিক হে উৎসব উদ্যাপন কমিটি। এর টাইটেল স্পনসর দ্য ডেইলি স্টার। অনুষ্ঠান কেন্দ্র দিয়ে সহায়তা করছে বাংলা একাডেমি। উৎসব চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। অধিবেশ চলবে সকাল আটটা থেকে রাত আটটা অবধি। উৎসব সবার জন্য উন্মুক্ত, কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠান: গতকাল সকাল নয়টায় একাডেমির বর্ধমান হাউসের সামনের মঞ্চে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। স্মৃতিচারণা করে যুক্তরাষ্ট্রবাসী পাকিস্তানি সাহিত্যিক তারিক আলী বলেন, ১৯৬৮-৬৯-এর স্বাধিকারের আন্দোলন যে স্বাধীনতার আন্দোলনে পরিণত হবে, তা তিনি বুঝেছিলেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে একই ধরনের অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশকেও। সাম্প্রদায়িকতা, সামরিক শাসন ইত্যাদি। তবে এসব সত্ত্বেও এখন বাংলাদেশ অনেক এগিয়েছে। এবার এসে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমরা মনে করি, এই উৎসবের মধ্য দিয়ে বিশ্ব আমাদের আরও কাছে এসেছে। উৎসবে বিশ্বের খ্যাতিমান লেখক, শিল্পী, চিন্তাবিদদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, মিসরের সাহিত্যিক আহদাফ শোয়েব, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজি আর্নট, উৎসবের প্রযোজক লিন্ডি কুক ও সহপ্রযোজক সাদাফ সায্ সিদ্দিকী।

দিনের অধিবেশন: উদ্বোধনী দিনে নির্ধারিত অধিবেশন ছিল ২০টি। মূল মঞ্চ আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রথম অধিবেশনটির শিরোনাম ছিল ‘ইজ দেয়ার আ ওয়ার্ল্ড লিটারেচার’ আলোচনা। এতে অংশ নেন পঙ্কজ মিশ্র, ইলিয়ট ওয়েনবার্গার এবং কে আনিস আহমেদ। আলোচকেরা বলেন, একুশ শতকে দক্ষিণ এশিয়ায় গদ্য সাহিত্যের বিষয়, আঙ্গিক, উপাদানে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। চীনে কবিতার অগ্রগতি হয়েছে। জাপানের হাইকুর প্রচার-প্রসার বেড়েছে আমেরিকায়ও। উত্তর আফ্রিকার দেশে প্রচার-প্রসার বেড়েছে ফরাসি ভাষার সাহিত্যের।

‘লিবারেশন ওয়ার ফিকশনস অ্যান্ড মেমোরিজ’ শিরোনামের আলোচনায় অংশ নেন নিয়াজ জামান, নুসহাত চৌধুরী ও মফিদুল হক।

বিকেলে অনুষ্ঠিত হয় ‘টু আমেরিকাস’ শিরোনামের আলোচনা। অংশ নেন মারিও প্রাটিন, ক্রিস হেইসার, ডেভিড শুক ও মাহতাব হায়দার। ছোট মঞ্চে অনুষ্ঠিত হয় ‘ইউপিএল প্রেজেন্টস ইউমেন পোয়েস্ট’ শিরোনামের আলোচনা। ‘বড় কাগজ ও ছোট কাগজ: সম্পাদকের দায়’ অনুষ্ঠানে আলোচনা করেন আমিনুর রহমান সুলতান, কামরুল হাসান প্রমুখ।

বিকেলে ছিল কবিতা পরিষদের আবৃত্তি। অংশ নেন সৈয়দ শামসুল হক, আসলাম সানী, শিহাব শাহরিয়ার প্রমুখ। ‘এন্ডলেস রেভল্যুশন’ শিরোনামের আলোচনায় অংশ নেন তারিক আলী, আহদাব শোয়েব, পঙ্কজ মিশ্র। সঞ্চালনায় ছিলেন ইলয়ট ওয়েনবার্গার। প্রাঙ্গণের মঞ্চে এ সময় ছিল ‘দলিত সাহিত্য: প্রান্ত কথা’ শিরোনামের আলোচনা। অংশ নেন হরিশংকর জলদাস, জাকির তালুকদার, পিয়াস মজিদ প্রমুখ।

একই সময়ে মূল মঞ্চের পাশের কক্ষে ‘ছোট মঞ্চে’ অনুষ্ঠিত হয় ‘স্পিরিচুয়াল কোয়েস্ট’ শিরোনামের আলোচনা। পিটার পানিক ও অরুন্ধতী সুব্রামানিয়াম আলোচনায় অংশ নেন

 ‘ফ্রম ওয়ার্ডস টু’ শিরোনামে আলোচনায় অংশ নেন রাহুল বোস ও অমিত আশরাফ। অভিজিৎ সেনের সভাপতিত্বে ‘বাংলা সাহিত্য: আধুনিকতা ও আন্তর্জাতিকতা’ নিয়ে আলোচনা করেন পারভেজ হোসেন, আহমেদ মোস্তফা কামাল প্রমুখ।

এ ছাড়া রাত আটটা পর্যন্ত সাহিত্যবিষয়ক বিভিন্ন অধিবেশন, আড্ডা ও লোকগান পরিবেশিত হয়।