অবৈধ দখল ও ভরাট-প্রক্রিয়া অব্যাহত থাকায় কেরানীগঞ্জ উপজেলার ঐতিহাসিক শুভাঢ্যা খালটি পুনরায় ভরাট হয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা নদীর এই শাখা খালের মিরেরবাগ এলাকা থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে রয়েছে ময়লা এবং টুকরা কাপড়সহ অন্যান্য বর্জ্য। দখল ও দূষণের কারণে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
গত ৮ মার্চ স্থানীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন এবং তীর সংরক্ষণকাজের উদ্বোধন করেন। পাউবো অর্থায়নে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কাজ করা হচ্ছে। কিন্তু উদ্বোধনের ৪২ দিন পার হলেও খনন শুরুই হয়নি, বরং আবর্জনায় খালটি ভরাটের মাত্রা আরও বেড়ে গেছে।
গত শুক্রবার দুপুরে কদমতলী, গোলামবাজার, ঝাউবাড়ী এবং নতুন শুভাঢ্যা এলাকায় গিয়ে দেখা গেছে, খালটি আবর্জনায় পরিপূর্ণ। আবর্জনার মধ্যে বিপুল পরিমাণে পোশাক কারখানার টুকরা কাপড় রয়েছে। পূর্ব আগানগর জোড়া সেতুসংলগ্ন এলাকায় খালের তীর দখল করে গড়ে তোলা হয়েছে একটি টিনশেড ঘর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী শুভাঢ্যা খালে বুড়িগঙ্গা নদীর মুখ থেকে গোলাম বাজার এলাকা পর্যন্ত খালের প্রায় তিন কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের পর খালে পানিপ্রবাহ স্বাভাবিক হয়। এরপর খালটি পুনরায় দখল ও ভরাট হয়ে যায়। ২০১২ সালের জুলাইয়ের শেষের দিকে উপজেলা প্রশাসন ৫৪ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে খালটি খনন ও উদ্ধারের কাজ শুরু করে। এর কয়েক মাসের মধ্যেই আবারও খালটি দখল ও ভরাট হয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে খালটি পুনঃখননের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট ফান্ড।
কেরানীগঞ্জ পোশাক ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, খালটিতে যাতে পোশাকশিল্পের ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে জন্য সমিতির পক্ষ থেকে কারখানা মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে খালের ১ দশমিক ৩ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুনঃখনন এবং তীর সংরক্ষণ করা হবে।