আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ১০ বছর পূর্ণ হলো গত মঙ্গলবার (২৭ জানুয়ারি)। কিন্তু এত বছরেও এই হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি।
২০০৫ সালের এই দিনে হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া নিহত হন।
বাদীপক্ষের আইনজীবী আলমগীর ভূইয়া বাবুল জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে হবিগঞ্জ আদালত থেকে এ মামলা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে এবং ৯০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়।
কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া প্রথম আলোকে বলেন, সর্বশেষ অভিযোগপত্রে তাঁরা সন্তুষ্ট। তবে হত্যার মদদদাতাদের তাঁরা চিিহ্নত করতে চান। তিনি আরও বলেন, ‘আমার বাবা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লোক ছিলেন। তাঁর হত্যার বিচার শুরু করতে ১০ বছর চলে গেছে। আমার মা আসমা কিবরিয়া বর্তমানে অসুস্থ। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান।’
কিবরিয়া ছাড়াও ২০০৫ সালের ২৭ জানুয়ারি ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের স্থানীয় চার নেতা-কর্মী নিহত হন। আহত হন আরও ৭০ জন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বর্তমানে সাংসদ) আবদুল মজিদ খান বাদী হয়ে পরদিন সদর থানায় মামলা করেন। একই বছরের ২০ মার্চ প্রথম অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি মুন্সি আতিকুর রহমান। এতে ১০ জনকে আসামি করা হয়। তাঁরা হলেন: শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও তৎকালীন হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল কাইয়ুম, একটি বেসরকারি ব্যাংকের স্থানীয় কর্মকর্তা আয়াত আলী, সাইনবোর্ড লেখক কাজল মিয়া, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্কুলশিক্ষক শাহেদ আলী, তাজুল ইসলাম, একই এলাকার জয়নাল আবেদীন জালাল, লস্করপুর বিএনপির নেতা জমির আলী, ডাকপিয়ন জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদলের কর্মী মহিবুর রহমান।
২০১১ সালের ২০ জুন দ্বিতীয় দফায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। এতে নতুন করে আসামি করা হয় ১৬ জনকে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে হরকাতুল জিহাদের (হুজি) সম্পৃক্ততা খুঁজে পান তদন্তকারী কর্মকর্তা। নতুন অভিযুক্তরা হলেন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিন, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, আবু জান্দাল, মহিব উল্লাহ অভি, শরীফ সাহেদুল আলম বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ ওরফে নিমু, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিঠু, আবুল মাজেট বাট, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, হাসান উল্লাহ ও ইউসুফ বিন শরীফ।
প্রথম ও দ্বিতীয় দফা অভিযোগপত্র নিয়ে আপত্তি তোলে কিবরিয়ার পরিবার ও বাদী। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৫ ডিসেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত এ হত্যাকাণ্ডের বিষয়ে কিবরিয়ার পরিবার ও সেই সময়ের হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এমদাদুল হকের সঙ্গে কথা বলা, মূল পরিকল্পনাকারী শনাক্ত করা, মদদদাতা ও আশ্রয়দাতা এবং গ্রেনেডের উৎস বের করাসহ পাঁচটি নির্দেশনা দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন সিআইডকে।
সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেসা ২০১২ সালের ২০ মার্চ থেকে এ আলোচিত মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্তকাজ শুরু করেন। তিনি গত বছরের ১৩ নভেম্বর সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। তাতে নতুন করে আরও নয়জনসহ মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়। তৃতীয়বারে নতুন অভিযুক্ত ব্যক্তিরা হলেন: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সদ্য সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া গউছ ওরফে জিকে গউছ, মাওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মো. ইয়াহিয়া, আবু বকর করিম, দেলোয়ার হোসেন রিপন, শেখ ফরিদ, আবদুল জলিল এবং শেখ আবদুল সালাম। আরিফুল হক ও গোলাম কিবরিয়া গউছ আত্মসমর্পণের পর কারাগারে রয়েছেন। হারিছ চৌধুরীসহ মামলার ১০ আসামি পলাতক।
বাদীপক্ষ কোনো অভিযোগ উত্থাপন না করায় সর্বশেষ অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।