শুরু হয়ে গেল আইএমও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যথাসম্ভব রাজকীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। আমার দেখা ১২টি অলিম্পিয়াডের মধ্যে আজকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল পুরোপুরিই আনুষ্ঠানিক ও রাজকীয়। এর কারণ, থাইল্যান্ডের প্রিন্সেস মহা ছাকরি সিন্ড্রোন। ৬০ বছর বয়সী প্রিন্সেস আজ চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ১১৪টি দেশের গণিতবিদ, প্রতিযোগী ও দলনেতাকে বিশ্বের নতুন নতুন চ্যালেঞ্জের প্রতিকারের জন্য কাজ করার আহ্বান জানান। এরপর তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করে এবারের অলিম্পিয়াডের সূচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে থাইল্যান্ডের উপ-শিক্ষামন্ত্রী কৃষ্নাপং কীর্তিকারা প্রতিযোগী ও অন্যদের ভ্রাতৃত্বের মাধ্যমে নতুন সম্ভাবনা উন্মোচনের জন্য অনুরোধ করেন।
প্রিন্সেসের কারণে আইএমওর উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব প্রতিযোগীদের প্যারেড সংক্ষিপ্ত করে ফেলা হয়। এমনকি ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও। হোটেল থেকে আমাদের পুলিশ প্রহরায় চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে নেওয়া হয়। নিরাপত্তা তল্লাশিও করা হয়েছে। প্রতিবার প্রতিযোগীরা মঞ্চে নিজেদের ঐতিহ্যগত কিছু না কিছু পরিবেশনের চেষ্টা করলেও এবার তা করা যায়নি। ভিন্ন ভিন্ন দেশের আলাদা প্যারেডের পরিবর্তে একসঙ্গে পাঁচটি দেশের প্রতিযোগীরা উপ-দলনেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে প্যারেড শেষ করে। আইএমওর উপদেষ্টা পরিষদের সভাপতি জিওফ স্মিত প্রতিযোগীদের শপথবাক্য পড়ে শোনান।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে মেয়েদের সংখ্যা আগের বছরের চেয়ে বেশি। আফ্রিকার বেশির ভাগ দেশের প্রতিযোগীদের মধ্যে কমপক্ষে একজন মেয়ে রয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব দলেও মেয়ে রয়েছে। তবে এবারও বাংলাদেশ দলে কোনো মেয়ে আমরা নিতে পারিনি। দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেয়েদের সাফল্য থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে বিভিন্ন বিষয়ের আন্তর্জাতিক অলিম্পিয়াড দলে মেয়েদের দেখা যাচ্ছে না। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ ব্যাপারে কিছু উদ্যোগ নিলেও এখনো তার সুফল পাওয়া যায়নি। আমি আশাবাদী, হয়তো আগামী বছর থেকে বাংলাদেশ দলেও মেয়েরা থাকবে।

কাল ১০ জুলাই প্রথম দিনের পরীক্ষায় প্রতিযোগীদের তিনটি গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হবে। এ জন্য তারা সময় পাবে সাড়ে চার ঘণ্টা। পাঁচ শতাধিক প্রতিযোগীর সঙ্গে অলিম্পিয়াডে অংশ নিচ্ছে আমাদের ছয়জন প্রতিযোগী। ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে গণিত উৎসবের মাধ্যমে এই ছয়জনকে নির্বাচিত করেছে।