শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদরে গতকাল শনিবার শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। শহরের পলাশপোলে গুড়পুকুরপাড়ের বটতলায় বসেছে ১৫ দিনব্যাপী এই মেলা।
মনসাপূজা উপলক্ষে ভাদ্র মাসের শেষ দিনে (পুরোনো পঞ্জিকা অনুযায়ী) এই মেলা শুরু হয়। গতকাল মেলার পাশাপাশি বেহুলা-লখিন্দরের ভাসানগানের পালা শুরু হয়েছে। হিন্দুধর্মাবলম্বীরা বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের আকাঙ্ক্ষা পূরণে নানা মানত করছেন তাঁরা।
মেলার আয়োজক হিসেবে কাজ করছে পৌর কর্তৃপক্ষ। পৌর কাউন্সিলর ফিরোজ আহমদ জানান, গুড়পুকুর মেলার মূল আকর্ষণ ‘কলমের বৃক্ষ’ বেচাকেনা এখনো শুরু হয়নি। মেলা জমে উঠতে আরও কয়েক দিন সময় লাগবে। আগামীকাল সোমবার মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
পৌর মেয়র তাসকিন আহমেদ বলেন, সাতক্ষীরার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে গুড়পুকুরের মেলা। এই মেলার ইতিহাস প্রায় ৩০০ বছরের। শহরের বিভিন্ন স্থানে বসে কয়েক শ দোকানপাট। গ্রামীণ লোকজ ঐতিহ্যের পসরা সাজিয়ে চলে বেচাকেনা। মেলাকে কেন্দ্র করে অতিথি আসার ধুম পড়ে যায়।
সাতক্ষীরার সাবেক পৌর কমিশনার হাসনে জাহিদ জজ জানান, মেলাটি বন্ধের জন্য দীর্ঘদিন ধরে মৌলবাদী গোষ্ঠী চক্রান্ত করে আসছে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালে রকসি সিনেমা হল এবং সাতক্ষীরা স্টেডিয়ামের দি লায়ন সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কয়েক বছর মেলা বন্ধ থাকে। ২০১১ সাল থেকে মেলা বসলেও বিস্তৃতি ছোট হয়ে গেছে।