
রংপুর, যশোর, ফরিদপুর ঝিনাইদহ, ময়মনসিংহ রাঙামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক গণিত উৎসব নিয়ে বিশেষ আয়োজন
তীব্র শীত কি আর আটকে রাখতে পারে? গণিত উৎসব বলে কথা! খুদে গণিতবিদদের পদচারণে মুখর প্রতিটি উৎসব এলাকা। গায়ে রোদের ছোঁয়া লাগিয়ে মাঠজুড়ে থাকা শিক্ষার্থীরা গণিত নিয়ে আলোচনায় ব্যস্ত। গণিতকে কি আর ভয়? ভয়কে জয় করে গণিতকে ভালোবেসে এগিয়ে যাওয়ার নেশা শিক্ষার্থীদের চোখমুখজুড়ে। ভাইয়ের সঙ্গে আসা ছোট্ট লামিয়ার চোখজুড়ে বিস্ময়। চারদিকে এত শিক্ষার্থীর আনাগোনা দেখে অবাক সে। ভাই পরীক্ষা দেবে তাই মায়ের সঙ্গে চলে এসেছে সে। গণিত করবে? জিজ্ঞেস করতেই মাথা নেড়ে সায় দেয় সে। বলে উঠল, আমি এখন অল্প পারি, আরেকটু বড় হয়ে ভাইয়ার মতো গণিত করব। গণিত উৎসব এমনই। পুরো উৎসবে নানা ধরনের আয়োজনের পাশাপাশি থাকে নতুনদের আগমনের বার্তা।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ এই —স্লোগান নিয়ে ১৭ জানুয়ারি একই দিনে আটটি জেলায় আঞ্চলিক উৎসবের মাধ্যমে শুরু হয় এবারের গণিত উৎসব। অঞ্চলগুলো হচ্ছে রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, ঝিনাইদহ, রাঙামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় উৎসব। এর পর শুরু হয় গণিত উৎসবের মূল আয়োজন গণিত অলিম্পিয়াড।

অলিম্পিয়াড শেষে শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে যায় পুরোনো বন্ধুকে খুঁজতে আর নতুন বন্ধু বানাতে। একসময় মঞ্চে শুরু হয় গণিত উৎসবের গান। অন্যবারের মতো এবারও উৎসবে ছিল স্থানীয় বন্ধুসভার বিশেষ আয়োজন। তার পরই শুরু হয় খুদে গণিতবিদদের জমজমাট প্রশ্নোত্তর পর্ব। প্রতিটি গণিত উৎসবেই থাকে খুদে গণিতবিদদের নানা প্রশ্নের ফুলঝুড়ি। উৎসবের অন্যতম এ আয়োজনে খুদে গণিতবিদদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়। ভালো প্রশ্নের জন্য দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মনে করিয়ে দেওয়া হয় মাদক, মিথ্যা আর মুখস্থ—এই তিন ‘ম’-কে ‘না’ বলাসহ এগিয়ে যাওয়ার স্বপ্নের কথা। উৎসবের নতুন মাত্রা যোগ করে রুবিকস কিউব প্রতিযোগিতা। দ্রুতসময়ে রুবিকস কিউব মিলিয়ে জিতে নেয় পুরস্কার!
গণিত জয়ের গান দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এ পর্বে ভেন্যু স্কুলকে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। আমন্ত্রিত গুণীজনেরা শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে গণিত করার পরামর্শ দেন। জানানো হয় মুক্ত দর্শন ও সম্মিলিত জ্ঞানের চর্চার কথা। পাশাপাশি উন্মুক্ত সোর্সকোড-ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের আহ্বানও জানানো হয়। পরে চার ক্যাটাগরিতে বিজয়ী খুদে গণিতবিদকে জাতীয় উৎসবের জন্য নির্বাচন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মেডেল ও বিজয়ী টি-শার্ট। চলতে থাকে ক্যামেরার ক্লিক!
শিক্ষার্থীরা যার যার গন্তব্যে যেতে ব্যস্ত হয়ে পড়ে।
এমন আয়োজন নিয়েই শুরু হয়েছে গণিত জয়ের উৎসব ২০১৪।