শুরু হয়েছে ঢাকা মহানগরের নিবন্ধন
গতকাল শুক্রবার থেকে প্রথম আলো ও বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবির আয়োজনে চলতি বছর এসএসসিতে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় সকাল ১০টায় নিবন্ধন শুরু হয়। প্রথম দিনেই প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে।নিবন্ধন শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই চিত্রশালা প্লাজা ছিল কৃতী শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও এ নিবন্ধনকাজে অংশ নেন। নাম নিবন্ধন করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী নন্দন পার্কে ঢাকা মহানগরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।ঢাকা মহানগরের এ নিবন্ধন চলবে ২০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের নম্বরপত্র/ নিবন্ধনপত্র/প্রবেশপত্রের যেকোনো একটির মূল কপি এবং সব কাগজের ফটোকপি সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, আজ শনিবার থেকে সাভার, গাজীপুর, কালিয়াকৈর ও ধামরাইয়ের শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হবে নিজ নিজ এলাকায়।