শুরু হয়েছে ঢাকামুখী স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ করতে বাড়ি যাওয়া মানুষের ঢাকামুখী স্রোত শুরু হয়ে গেছে। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে গতকাল শুক্রবার দুপুর থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী মহাসড়কে যানজট না হলেও যানবাহনের চাপে গতি কমে এসেছে বলে পরিবহন মালিক-শ্রমিকেরা জানিয়েছেন।
ঢাকামুখী ট্রেনগুলোতেও প্রচুর ভিড় দেখা গেছে। ঈদের আগে ট্রেনের সময়সূচির বিপর্যয় হয়েছিল। ঈদের দিন ও এর পরদিন আন্তনগর ট্রেন বন্ধ থাকায় ওই বিপর্যয় কাটিয়ে উঠেছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে আবারও সময়সূচি ভেঙে পড়া শুরু হয়। ঢাকায় আসা লঞ্চগুলোতেও ছিল প্রচুর যাত্রী।
ঈদ-পূজার ছুটি শেষ হয়েছে গত মঙ্গলবার। তবে মানুষের ঢাকামুখী যাত্রা ব্যাপকভাবে শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আজ শনিবার এই স্রোত আরও বাড়তে পারে বলে পরিবহন মালিকেরা জানিয়েছেন। কারণ, ঢাকার বাইরে পরিবহন কোম্পানিগুলোর কাউন্টারে শনিবারের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি।
মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও রাজধানী এখনো স্বাভাবিক চেহারা পায়নি। রাজধানীর সড়কগুলোতে যান চলাচল বাড়লেও জটের পর্যায়ে যায়নি।
সোহাগ পরিবহনের স্বত্বাধিকারী ফারুক তালুকদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ছুটি শেষ হলেও সরকারি চাকুরেরা রোববার থেকে পুরোদমে অফিস করবেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা আজ শনিবারই কাজ শুরু করবেন। এ জন্যই বৃহস্পতিবার, শনিবারের টিকিটের ব্যাপক চাহিদা।
গতকাল দুপুরের দিকে দৌলতদিয়া ঘাটে যানজট শুরু হয়। যাত্রীবাহী যানগুলোকে ফেরিতে নদী পারাপারের জন্য দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত ঘাটে অপেক্ষা করতে হয়। সন্ধ্যা নাগাদ জট আরও বাড়ে।
বাসে ঢাকায় আসার পথে দৌলতদিয়া ঘাটে যানজটে আড়াই ঘণ্টা আটকে ছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাসেল মাহমুদ। তিনি বলেন, যশোর থেকে সকাল ১০টায় বাস ছাড়ে। দুপুর সাড়ে ১২টায় দৌলতদিয়া ঘাটে এসে বাস জটে আটকা পড়ে। গাবতলীতে নামেন সন্ধ্যা সাতটায়। সব মিলিয়ে নয় ঘণ্টার যাত্রা।
উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চল থেকে ঢাকামুখী কয়েকটি ট্রেনে উপচেপড়া ভিড় দেখা গেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতেও ভিড় ছিল।
দিনাজপুর পথের দ্রুতযান এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল রাত আটটা ৪০ মিনিটে। রাত সাড়ে আটটা পর্যন্ত ট্রেনটি কমলাপুরে পৌঁছাতে পারেনি। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা দেরিতে আসতে পারে।
নীলফামারী পথের নীলসাগর, রাজশাহীর ধুমকেতু, দিনাজপুরের একতা, রংপুরের রংপুর এক্সপ্রেস আড়াই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করে। দেরিতে চলেছে তিস্তা, সুন্দরবন, চিত্রা ট্রেনও।
রেলের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের পথে ঢাকা থেকে যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে, সেগুলোতেও প্রচুর যাত্রী। মহানগর প্রভাতী সকালে কমলপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ২০ মিনিট দেরিতে ছাড়ে। কিন্তু যাত্রীর চাপে কুমিল্লার লাকসাম পৌঁছায় নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর।
রেলের একজন কর্মকর্তা জানান, যাত্রীর চাপে ওই ট্রেনের কয়েকটি বগির স্প্রিং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে এর নির্ধারিত গতি কমিয়ে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়।
রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান প্রথম আলোকে বলেন, যাত্রীর ওঠা-নামার জন্য স্বাভাবিক সময়ের চেয়ে পাঁচ থেকে ১০ মিনিট বেশি সময় স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়। এ জন্য কিছু ট্রেন দেরিতে চলছে।